ছয় বাংলাদেশি জেলেকে নিয়ে গেছে বিজিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেন্ট মার্টিনের পূর্ব-দক্ষিণে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় একটি নৌকাসহ ছয় বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)। আজ বুধবার বেলা তিনটার দিকে বিজিপির সদস্যরা তাঁদের ধরে নিয়ে যান বলে জানিয়েছেন নৌকার মালিক ও স্থানীয় জেলেরা।

বিজিপির হাতে আটক জেলেরা হলেন নৌকার মাঝি আবদুল হামিদ, ফজল আহমদ, মোহাম্মদ হাশিম, মোহাম্মদ সাদ্দাম, মোহাম্মদ হোসাইন ও রশিদ উল্লাহ।

নৌকার মালিক নাসির উদ্দিন জানান, সাগরে নিম্নচাপ কেটে যাওয়ার পর ওই ছয় জেলে তাঁর নৌকা নিয়ে বঙ্গোপসাগরে মাছ শিকারে যান। আজ সেন্ট মার্টিনের পূর্ব-দক্ষিণের ওই এলাকায় তাঁর নৌকাসহ বাংলাদেশি আরও কয়েকটি ট্রলার ও নৌকায় করে জেলেরা মাছ শিকার করছিলেন। বেলা তিনটার দিকে বিজিপির পোশাকধারী ১০-১২ জনের একটি দল তাঁদের ধাওয়া করে। অন্য ট্রলার ও নৌকাগুলো পালিয়ে আসতে সক্ষম হলেও নাসির উদ্দিনের নৌকাসহ ওই ছয় জেলেকে ধরে ফেলে দলটি। নৌকার মাঝি আবদুল হামিদ মুঠোফোনে নাসির উদ্দিনকে ঘটনাটি জানান। পরে প্রত্যক্ষদর্শী অন্য জেলেদের কাছ থেকেও তিনি বিষয়টি জানতে পারেন। এরপর নাসির বিষয়টি কোস্টগার্ড ও সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে জানান।

সেন্ট মার্টিন ইউপির চেয়ারম্যান নুর আহমদ বলেন, সেন্ট মার্টিনের পূর্ব-দক্ষিণের ওই এলাকায় ইলিশ বেশি ধরা পড়ায় জেলেরা সেখানে মাছ শিকারে যান। এ সময় ওই নৌকাসহ ছয় জেলেকে ধরে নিয়ে যায় বিজিপি। ওই ছয় জেলেই সেন্ট মার্টিনের স্থায়ী বাসিন্দা।

কোস্টগার্ডের টেকনাফ স্টেশনের কমান্ডার লে. নাফিউর রহমান প্রথম আলোকে বলেন, বাংলাদেশের জলসীমা অতিক্রম করে মাছ শিকার করার সময় মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপির টহল দল নৌকাসহ ছয় জেলেকে ধরে নিয়ে গেছে বলে তিনি নৌকার মালিক ও স্থানীয় ইউপি চেয়ারম্যানের কাছ থেকে শুনেছেন। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মাধ্যমে বিজিপির কাছে জেলেদের ফেরত চাওয়া হবে।