ছয় বাংলাদেশিকে চার দিনেও ফেরত দেয়নি বিএসএফ
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর সীমান্তে ভারতীয় তরুণীকে ‘অপহরণের’ অভিযোগে ভারতীয়দের হাতে অপহূত ছয় বাংলাদেশিকে গত চার দিনেও ফেরত দেয়নি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তাঁদের ফেরত চেয়ে গত রোববার বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দেওয়া চিঠির জবাবে বিএসএফ পতাকা বৈঠকে বসার সম্মতি দিলেও আজও বসতে পারেনি উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনী। গত রোববার ভোরে শ্রীরামপুর সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া ছয় বাংলাদেশি হচ্ছেন: পাটগ্রামের শ্রীরামপুরের হামিদুল হক (২৭) ও সায়েদ (২০), ঝালঙ্গী এলাকার সুজন (২২) ও শরিফুল (১৮), আউলিয়ার হাটের রাসেল (২০) ও ইসলামপুর এলাকার আবেদ আলী (২২)। তরুণী লাইলী বেগম ও তাঁর প্রেমিক লাজু ইসলাম বর্তমানে পাটগ্রাম থানা পুলিশের হেফাজতে রয়েছেন। ৪ ডিসেম্বর সীমান্ত পাড়ি দিয়ে দহগ্রাম হয়ে বাংলাদেশে ঢুকে সরাসরি প্রেমিক লাজুর বাড়িতে ওঠেন লাইলী বেগম। এমনকি তাঁরা এর মধ্যে বিয়েও করেছেন বলে সাংবাদিকদের কাছে দাবি করেন লাইলী বেগম। বাংলাদেশি রাখাল লাজু তাঁকে অপহরণ করে এনেছেন বলে ভারতীয়দের অভিযোগও প্রত্যাখ্যান করেন লাইলী বেগম। এদিকে দুই দিন ধরে বুড়িমারী জিরো পয়েন্টে অপেক্ষা করছেন অপহূত বাংলাদেশিদের স্বজনেরা। গত মঙ্গলবার বুড়িমারী স্থলবন্দরের জিরো লাইনে দাঁড়িয়ে কথা হয় লাইলীর বাবা বাবর আলীর সঙ্গে। তিনি জানান, আটক ছয় বাংলাদেশি তাঁদের কাছে নিরাপদে আছেন। তিনি বলেন, ‘বাংলাদেশি নাগরিকদের ধরতে বিএসএফ রাতে আমার বাড়িতে অভিযান চালিয়েছিল। কিন্তু তার আগেই আমি তাঁদের অন্য জায়গায় সরিয়ে নিয়েছি।’ তিনি বলেন, তাঁর মেয়েকে ফেরত দেওয়া হলে তিনিও তাঁদের বাংলাদেশে ফেরত দেবেন। পাটগ্রাম থানা পুলিশ হেফাজতে থাকা লাইলী বেগমের কাছে জানতে চাইলে অপহরণের কথা অস্বীকার করে তিনি বলেন প্রায় দুই বছর হলো লাজুর সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমের বিষয়টি জানাজানি হলে গত জুন মাসে তাঁর বাবা কোচবিহার জেলার মাথাভাঙ্গা এলাকার ইলিয়াস ফারুকের সঙ্গে তাঁর মতের বিরুদ্ধে বিয়ে দেন। এরপর তিনি ৪ ডিসেম্বর কলেজে যাওয়ার কথা বলে মেখলীগঞ্জের বাগডোগরা সীমান্ত হয়ে বাংলাদেশের দহগ্রাম সীমান্ত দিয়ে লাজুর বাড়িতে যান। তার এক দিন পর লাজুকে বিয়ে করেন। তবে তিনি মা-বাবার কাছে ফিরে যাবেন না দাবি করে বলেন, ‘আমাকে জোরপূর্বক পাঠানো হলে আমি আত্মহত্যা করব।’ পাটগ্রাম থানার পুলিশ হেফাজতে থাকা লাজু জানান, ‘আমি লাইলীকে অপহরণ করি নাই, সে নিজেই আমার কাছে এসেছে। তাই তাকে বিবাহ করেছি।’ পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব হোসেন জানান, উপজেলার আউলিয়ার হাট থেকে গত মঙ্গলবার লাজু ও লাইলীকে আটক করা হয়। ভারতের মেখলীগঞ্জ থানায় যোগাযোগ করা হয়েছে। লালমনিরহাট ৩১ বিজিবি ব্যাটালিয়নের বুড়িমারী কোম্পানি কমান্ডার সুবেদার জাবিউল ইসলাম ছয় বাংলাদেশিকে আটকের ঘটনা স্বীকার করেছেন।