ছয় বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয়রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় এক তরুণীকে অপহরণ করে বাংলাদেশে নিয়ে আসার অভিযোগ উঠেছে। বিএসএফের পক্ষ থেকে অভিযোগটি তোলার পর গতকাল রোববার ছয় বাংলাদেশি রাখালকে ধরে নিয়ে গেছে ভারতীয়রা। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর সীমান্তে এ ঘটনা ঘটেছে।ধরে নিয়ে যাওয়া বাংলাদেশিরা হচ্ছেন: পাটগ্রামের শ্রীরামপুরের হামিদুল হক (২৭) ও সায়েদ (২০), ঝালঙ্গী এলাকার সুজন (২২) ও শরিফুল (১৮), আউলিয়ার হাট এলাকার রাসেল (২০) ও ইসলামপুর এলাকার আবেদ আলী (২২)। গতকাল ভোরে শ্রীরামপুর সীমান্তের ৮৫১ নম্বর মেইন পিলারের ১ নম্বর সাব-পিলারের কাছ থেকে তাঁদের ধরে নিয়ে যাওয়া হয়।এলাকাবাসী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্র জানায়, ঝালঙ্গী এলাকার আজিজুল ইসলামের ছেলে লাজু ইসলাম (২৫) ব্যবসায়ীদের হয়ে ভারতে গরু আনতে যেতেন। সেই সুবাদে তিনি ভারতের মেখলিগঞ্জ মহকুমার বাবর আলীর বাড়িতে কয়েক মাস ছিলেন। সেখানে বাবরের কলেজ পড়ুয়া মেয়ের (১৯) সঙ্গে তিনি প্রেমের সম্পর্ক গড়েন। জানতে পেরে পরিবারের লোকজন লাজুকে বাড়ি থেকে বের করে দেন। এ পর্যায়ে লাজু দেশে চলে আসেন। পরে অভিভাবকেরা মেয়েটিকে সে দেশে বিয়ে দেন। এই অবস্থায় ৪ ডিসেম্বর লাজু ভারতে গিয়ে তরুণীটিকে বাংলাদেশে নিয়ে আসেন। এর পরের দিন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) চ্যাংরাবান্ধা ক্যাম্প থেকে বুড়িমারী বিজিবি ক্যাম্পে চিঠি পাঠানো হয়। চিঠিতে দাবি করা হয়, কলেজ থেকে ফেরার পথে মেয়েটিকে অপহরণ করে নিয়ে গেছেন লাজু। চিঠিতে তাঁকে ফেরত দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়। তবে লাজুর পরিবারের দাবি, প্রেমের টানে মেয়েটি বাংলাদেশে এসেছে। লাজুর মা আছমা বেগম গতকাল বিকেলে সাংবাদিকদের বলেন, ‘মেয়েটিকে অপহরণ করা হয়নি। সে নিজের ইচ্ছাতেই এসেছে। তারা দুজন বর্তমানে কোথায় আছে, তা জানি না।’ মেয়েটিকে ফেরত পেতে কয়েক দিন ধরে বিভিন্ন মাধ্যমে বাংলাদেশে যোগাযোগ করে আসছিল তাঁর পরিবার। এমতাবস্থায় গতকাল ছয় বাংলাদেশি রাখালকে ধরে নিয়ে যাওয়ার ঘটনা ঘটল। বর্তমানে তাঁদের পশ্চিমবঙ্গের কোচবিচার জেলার মেফলিগঞ্জ থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে বলে অসমর্থিত সূত্রে জানা গেছে। এ বিষয়ে পতাকা বৈঠকের জন্য বিজিবি গতকাল বিকেলে বিএসএফকে চিঠি দিয়েছে।জানতে চাইলে লালমনিরহাট ৩১ বিজিবি ব্যাটালিয়নের বুড়িমারী কোম্পানি কমান্ডার সুবেদার জাবিউল ইসলাম জানান, বিএসএফের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার (আজ) বৈঠকে বসা হবে।