ছয় বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ
ভারতে অনুপ্রবেশের দায়ে বিভিন্ন মেয়াদে সাজা খাটা ছয় বাংলাদেশিকে গত সোমবার বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। দিনাজপুর বিজিবি ২ ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে পীরগঞ্জ উপজেলার দানাজপুর সীমান্তে বিএসএফ ও বিজিবির মধ্যে পতাকা বৈঠকের পর ওই ছয় বাংলাদেশিকে হস্তান্তর করা হয়। তাঁরা হচ্ছেন—পীরগঞ্জের রণশিয়া গ্রামের মো. জয়নাল (২৫), হরিপুর উপজেলার কাদিগাঁও গ্রামের মো. বাবুল (৩৬), বকুয়া গ্রামের তাজুল ইসলাম (২৫), জীবনপুর গ্রামের আরিফুল ইসলাম (২৮), বালিহারা গ্রামের আবদুর রহিম (৩৮) ও দামোল গ্রামের আলী বাদশা (২৯)। তাঁরা সবাই ভারতের রায়গঞ্জ জেলে বিভিন্ন মেয়াদে সাজা ভোগ করেছেন।জানা গেছে, ২০০৮ সালের জানুয়ারি মাসে হরিপুরের তররা ও ভাতুড়িয়া সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশকালে বিএসএফ চার বাংলাদেশিকে আটক করে। এ ছাড়া একই বছরের নভেম্বরে ভারতের মালন ও মশালগাঁও সীমান্তে অনুপ্রবেশের সময় আরও দুই বাংলাদেশিকে আটক করা হয়।বাংলাদেশের পক্ষে দিনাজপুর বিজিবি ২ ব্যাটালিয়নের অপারেশন অফিসার মেজর মুনতাশীর ও ভারতের পক্ষে বিএসএফ ১৪০ রায়গঞ্জ ব্যাটালিয়নের স্টাফ অফিসার ক্যাপ্টেন অনীল কুমার পতাকা বৈঠকে নিজ নিজ দেশের প্রতিনিধিত্ব করেন।