ছয় বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের জৈন্তাপুর উপজেলার শ্রীপুর পাথর কোয়ারি থেকে ধরে নিয়ে যাওয়া সাত বাংলাদেশির মধ্যে ছয়জনকে গতকাল মঙ্গলবার ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। অন্যজনকে ভারতের ডাউকি থানার পুলিশ হেফাজতে রাখা হয়েছে বলে জানা গেছে।এদিকে, গত সোমবার রাতে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার দক্ষিণ কাইচ্ছুটি গ্রামের সীমান্তবর্তী এলাকা থেকে আরেক বাংলাদেশি যুবককে আটক করেছে বিএসএফ। এ ব্যাপারে পতাকা বৈঠক হলেও তাঁকে ফেরত দেওয়া হয়নি।স্থানীয় সূত্র জানায়, গত রোববার দুপুরে পাথর কোয়ারিতে কাজ করার সময় জৈন্তাপুরের সদর ইউনিয়নের আশ্রমপাড়া গ্রামের শাহেদ আহমদ, আবদুস সামাদ, নূর ইসলাম, হুমায়ুন, আবদুল করিম, মোরশেদ আলম ও সেলিম আহমদকে বিএসএফ ধরে নিয়ে যায়।বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) শ্রীপুর ক্যাম্প সূত্র জানায়, বাংলাদেশিদের আটক করার বিষয়টি বিজিবি গতকাল সকালে আনুষ্ঠানিকভাবে বিএসএফের কাছে জানতে চায়। তখন বিএসএফ আটকের কারণ উল্লেখ করে। পরে দুপুর ১২টার দিকে বিএসএফ ছয়জনকে ছেড়ে দেওয়ার বিষয়টি বিজিবি-৫ ব্যাটালিয়নকে জানায়। এর ঘণ্টা খানেক পর তামাবিল সীমান্তের চেকপোস্ট দিয়ে ছয়জনকে হস্তান্তর করা হয়।সূত্রটি জানায়, বয়স কম হওয়ায় ভারতীয় আদালতের নির্দেশনায় সে দেশের পুলিশ ছয়জনকে ছেড়ে দিয়েছে। তবে অনুপ্রবেশের অভিযোগে সেলিম আহমদকে ডাউকি পুলিশের হেফাজতে রাখা হয়েছে।বিএসএফের বরাত দিয়ে বিজিবি-৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শফিউল আজম জানান, আগামী ১৪ ফেব্রুয়ারি ভারতীয় আদালতের সিদ্ধান্তের পর সেলিমকে হস্তান্তরের বিষয়টি জানানো হবে।এদিকে, কুমিল্লার চৌদ্দগ্রামের দক্ষিণ কাইচ্ছুটি গ্রামের এয়াছিনসহ (৩০) তিন যুবক হিন্দুদের ধর্মীয় উৎসব কীর্তন দেখতে সীমান্তবর্তী একিনপুর এলাকার একটি পানির পাইপ দিয়ে সোমবার রাত সাড়ে ১১টার দিকে ভারতে যান বলে স্থানীয় সূত্রে জানা গেছে। কীর্তন দেখে ফেরার পথে বিএসএফের একিনপুর ক্যাম্পের সদস্যরা এয়াছিনকে আটক করে। গতকাল সকালে তাঁকে রাজনগর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।এয়াছিনের পরিবার ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের অনুরোধে গতকাল বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। কিন্তু এয়াছিনকে ফেরত দেওয়া হয়নি।যোগাযোগ করা হলে বিএসএফের একিনপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার পিয়াত সিং টেলিফোনে প্রথম আলোকে বলেন, কীর্তন উৎসবে মদপানের অপরাধে এয়াছিনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।চৌদ্দগ্রামের আটগ্রাম বিজিবি কোম্পানি কমান্ডার সুবেদার ওয়াহিদুর রহমান জানান, বিষয়টি নিয়ে বিএসএফের সঙ্গে কথা হয়েছে। কিন্তু পুলিশের কাছে হস্তান্তর করায় এয়াছিনকে ফেরত দেওয়া সম্ভব হয়নি বলে বিএসএফ জানিয়েছে।