ছয় বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর
একটি দালাল চক্র ছয় বাংলাদেশিকে হিলি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত দিয়ে নেপালে নেওয়ার সময় গত মঙ্গলবার তাঁদের আটক করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে বুধবার রাতে বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে আটক ওই ছয়জনকে বিজিবির কাছে হস্তান্তর করে।
ওই ছয়জন হলেন সিরাজগঞ্জের শাহজাদপুর থানার ঘোড়াশাল গ্রামের গোপাল লাল সূত্রধর (২৭), বেলকুচি থানার মাহমুদপুর গ্রামের রবি চান মোল্লা (৩০), একই গ্রামের দুলাল শেখ (৩০), কুমারশালদার গ্রামের মজিদ মণ্ডল (২৩) এবং ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সদরের সাদ্দাম হোসেন (২২) ও রাসেল (২০)।
দেশে ফেরত আসা ওই ছয় যুবক জানান, ফরিদপুরের ভাঙ্গা থানার অনন্ত নামের এক দালাল নেপালে সাল চাদরের কারখানায় ভালো বেতনের চাকরি দেওয়ার কথা বলে তাঁদের মঙ্গলবার বিকেলে হিলিতে নিয়ে আসেন। ওই রাতে তিনি তাঁদের হিলি রেলওয়ে স্টেশনের পাশে কামালগেট দিয়ে অবৈধভাবে ভারতে নিয়ে যান। এ সময় বিএসএফের সদস্যরা তাঁদের আটক করেন। সুযোগ বুঝে দালাল অনন্ত সেখান থেকে পালিয়ে যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বিজিবি হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার নায়েক ফজলুর রহমান।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান জানান, ওই ছয়জনকে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।