ছয়বারের চেয়ারম্যানের ভোট বর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোট কারচুপির অভিযোগে কুমিল্লার মুরাদনগর উপজেলার জাহাপুর ইউনিয়নের বিএনপির চেয়ারম্যান প্রার্থী সৈয়দ তৌফিক আহম্মদ ভোট বর্জন করেছেন। তৌফিক এই ইউনি​য়নে ১৯৮২ সাল থেকে পরপর ছয়টি নির্বাচনে জয়ী হয়ে চেয়ারম্যানের দায়িত্ব পালন কর​​ছিলেন।

আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে সৈয়দ তৌফিক ভোট বর্জনের কথা জানান। তিনি বলেন, সরকারদলীয় প্রার্থীর পক্ষে ব্যাপক জাল ভোট দেওয়া হচ্ছে। ইউনিয়নের কমলাকান্তি একাডেমি, গঙ্গাটিয়া, সাতমোড়া ও গৌরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রসহ বিভিন্ন কেন্দ্র থেকে বিএনপির কর্মীদের বের করে দিয়ে জাল ভোট দেওয়া হচ্ছে। ভোটারদের প্রকাশ্যে নৌকায় ভোট দিতে বাধ্য করা হচ্ছে। এ কারণে তিনি ভোট বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন।
অবশ্য আওয়ামী লীগ প্রার্থী এ কে এম সফিকুল ইসলাম ভোট কারচুপির অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন, পরাজয় নিশ্চিত জেনেই বিএনপি প্রার্থী ভোট বর্জন করেছেন।
জানতে চাইলে জেলা নির্বাচন কর্মকর্তা রাশেদুল ইসলাম বলেন, এই ইউনিয়নে বড় কোনো অভিযোগ তিনি পাননি। ছোটখাটো যে অভিযোগগুলো তাঁর কাছে এসেছিল, সেগুলো তিনি তাৎক্ষণিকভাবে সমাধান করেছেন।