ছয় বাড়িতে ডাকাতি আহত ৪
ফেনীর দাগনভূঞা, নোয়াখালীর সোনাইমুড়ী ও নীলফামারীর ডোমার উপজেলায় গত বুধবার রাতে চার বাড়িতে ডাকাতি হয়েছে। মৌলভীবাজারের কমলগঞ্জে গত বৃহস্পতিবার রাতে দুই প্রবাসীর বাড়িতে ডাকাতি হয়। দাগনভূঞা ও কমলগঞ্জে ডাকাতদের হামলায় চারজন আহত হয়েছেন। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:ফেনী: দাগনভূঞা উপজেলার পূর্ব চন্দ্রপুর গ্রামের আলম মোল্লার বাড়িতে গত বুধবার রাতে ডাকাতি হয়েছে। ২০-২৫ জন ডাকাত জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে রাখে। এ সময় ডাকাতদের হামলায় গৃহকর্তা আলম মোল্লার মা জহুরা বেগম (৬৫) আহত হন। নোয়াখালী: সোনাইমুড়ী উপজেলার বারাহিনগরের প্রবাসী এমদাদ হোসেন ও মানিকনগর গ্রামের দলিলুর রহমানের বাড়িতে গত বুধবার রাতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা ওই দুই বাড়ি থেকে ২২ ভরি স্বর্ণালংকার, মুঠোফোনের সেটসহ ১০ লাখ টাকার মালামাল নিয়ে গেছে।নীলফামারী: ডোমার উপজেলার চিলাহাটি বাজারের কাছে প্রধানপাড়ার ব্যবসায়ী এনামুল কবির ওরফে সুইডেন প্রধানের বাড়িতে গত বুধবার রাতে ডাকাতি হয়েছে। বাড়ির মালিকের ভাই বরকত প্রধান দাবি করেন, ছয়-সাতজন ডাকাত পরিবারের সদস্যদের জিম্মি করে তিন লাখ ৮০ হাজার টাকা, সাড়ে আট ভরি স্বর্ণালংকার ও দুটি মুঠোফোন নিয়ে যায়। কমলগঞ্জ (মৌলভীবাজার): বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার শমশেরনগরের প্রবাসী মন্টু করের বাসার দরজা ভেঙে ১০-১২ জন ডাকাত ঢুকে পড়ে। এ সময় বাধা দিলে ডাকাতদের হামলায় মানিক কর ও দুই পাহারাদার আহত হন। চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে এলে ডাকাতের দল পালিয়ে যায়। একই রাতে শমশেরনগর-কমলগঞ্জ সড়কের বড়চেগ এলাকার প্রবাসী রাজু আহমদের বাসায় ডাকাতি হয়েছে। নান্দাইলে সড়কে ছিনতাইআমাদের নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি জানান, নান্দাইল উপজেলার কুলধুরুয়া এলাকায় একটি ওষুধ কোম্পানির কর্মকর্তার কাছ থেকে একদল ছিনতাইকারী ২১ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেছে। গত বুধবার রাতে ওই এলাকার একটি সড়কে মোটরসাইকেল থামিয়ে ছিনতাইকারীরা তাঁর কাছ থেকে টাকা নিয়ে যায়। এ সময় ছিনতাইকারীদের ক্ষুরের আঘাতে তিনি আহত হন। ওই কর্মকর্তার নাম হুমায়ূন কবির (৩১)। তিনি ডেল্টা ফার্মা লিমিটেডের মেডিকেল প্রমোশন অফিসার।