ছয় বিচারপতির শপথ, বেঞ্চ পুনর্গঠন
নতুন নিয়োগ পাওয়া হাইকোর্টের অতিরিক্ত ছয়জন বিচারপতি শপথ নিয়েছেন। গতকাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট মিলনায়তনে প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন তাঁদের শপথবাক্য পাঠ করান।প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন নবনিযুক্ত ছয়জন বিচারপতির বিচারিক দায়িত্ব দিয়ে বেঞ্চ পুনর্গঠন করেছেন। এ কারণে আরও কয়েকটি বেঞ্চের বিচারিক এখতিয়ার পরিবর্তন ও বেঞ্চ পুনর্গঠন করা হয়েছে। বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরীর নেতৃত্বাধীন বেঞ্চের বিচারিক এখতিয়ার পরিবর্তন করা হয়েছে। শামসুদ্দিন চৌধুরীর নেতৃত্বাধীন দ্বৈত বেঞ্চকে গ্রহণযোগ্য ফৌজদারি মোশন, ফৌজদারি আপিল মঞ্জুরির আবেদনপত্র ও তৎসংক্রান্ত জামিনের আবেদনপত্র, ফৌজদারি কার্যবিধির ৪২৬, ৪৪৩, ৪৯১, ৪৯৮ ও ৫৬১ ধারার মোকদ্দমাসূমহ এবং মঞ্জুরীকৃত আপিল ও জেল আপিল শুনানির এখতিয়ার দেওয়া হয়েছে। এই বেঞ্চে অপর বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করছেন নবনিযুক্ত বিচারপতি এ বি এম আলতাফ হোসেন।এর আগে বিচারপতি জাহাঙ্গীর হোসেন অসুস্থ থাকায় ৬ জুন থেকে সাময়িকভাবে বিচারপতি শামসুদ্দিন চৌধুরীর একক বেঞ্চকে সিভিল রিভিশন মোকদ্দমা পরিচালনার দায়িত্ব দেওয়া হয়। একক বেঞ্চের আগে বিচারপতি শামসুদ্দিন চৌধুরীর নেতৃত্বাধীন দ্বৈত বেঞ্চের সব রিট আবেদন শুনানির এখতিয়ার ছিল।কার্যতালিকা পর্যালোচনায় দেখা যায়, বিচারপতি মীর হাশমত আলীর নেতৃত্বাধীন দ্বৈত বেঞ্চে অপর বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করবেন বিচারপতি জাহাঙ্গীর হোসেন। ২০০৮ সাল পর্যন্ত হওয়া ফৌজদারি আপিল মঞ্জুরির আবেদনপত্র, ফৌজদারি মঞ্জুরীকৃত আপিল ও সব জেল আপিল ফৌজদারি রিভিশন শুনানির এখতিয়ার দেওয়া হয়েছে এই বেঞ্চকে। বিচারপতি এ এফ এম আবদুর রহমান ও বিচারপতি এফ আর এম নাজমুল আহাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চকে আয়কর রেফারেন্স মোকদ্দমা ও আয়করসংক্রান্ত রিট বিষয়াদি শুনানির এখতিয়ার দেওয়া হয়েছে। আগে বিচারপতি এ এফ এম আবদুর রহমান একক বেঞ্চে ছিলেন।বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এফ আর এম নাজমুল আহাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চের ফৌজদারি মোশন পরিচালনার এখতিয়ার ছিল। এই এখতিয়ার অপরিবর্তিত রেখে বিচারপতি সালমা মাসুদ চৌধুরীর সঙ্গে এখন দেওয়া হয়েছে অপর বিচারপতি কাজী মো. এজারুল হক আকন্দকে। বিচারপতি শেখ হাসান আরিফের একক বেঞ্চকে দেওয়ানি রিভিশন মোকদ্দমা শুনানির এখতিয়ার দেওয়া হয়েছে।ছয় বিচারপতির শপথ: গতকাল সকালে সুপ্রিম কোর্ট মিলনায়তনে নতুন নিয়োগ পাওয়া বিচারপতি আশীষ রঞ্জন দাস, বিচারপতি মাহমুদুল হক, বিচারপতি মো. বদরুজ্জামান বাদল, বিচারপতি জাফর আহমেদ, বিচারপতি কাজী মো. এজারুল হক আকন্দ ও বিচারপতি এ বি এম আলতাফ হোসেন শপথ নেন।সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার এ কে এম শামসুল ইসলামের পরিচালনায় শপথ অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন। গত বুধবার রাষ্ট্রপতি ছয়জনকে দুই বছরের জন্য হাইকোর্টের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ দেন।