১৮ দল ও আওয়ামী লীগের আজ শুক্রবারের ডাকা পাল্টাপাল্টি সমাবেশ থেকে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কায় দেশের ছয়টি বিভাগীয় শহরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তলবসহ বিভিন্ন শহরে সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। এ ছাড়া নারায়ণগঞ্জের কাঁচপুর ব্রিজ ও আশপাশের এলাকা, বগুড়া, জয়পুরহাট, সিরাজগঞ্জ, পাবনা, নাটোর, খাগড়াছড়িসহ বিভিন্ন স্থানে জারি করা হয়েছে ১৪৪ ধারা।
বিভাগীয় শহরগুলো হচ্ছে: রাজধানী ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, খুলনা ও রংপুর। এদিকে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের গুরুত্বপূর্ণ কাঁচপুর সেতুসহ আশপাশের এলাকায় দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড থেকে কাঁচপুর, কাঁচপুর থেকে মদনপুর, কাঁচপুর থেকে ভুলতা-গাউছিয়া হয়ে তারাব সুলতানা কামাল ব্রিজ, রূপসী বরপা হয়ে ভুলতা গোলাকান্দাইল, গোলাকান্দাইল থেকে নরসিংদী জেলার সীমানা পর্যন্ত, সোনারগাঁ মেঘনা ব্রিজ হয়ে মদনপুর-ভুলতা-জয়দেবপুর সড়কের নারায়ণগঞ্জ অংশে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
রাজশাহীতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে রাজশাহী নগরে এবং বিভাগের ছয় জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। জয়পুরহাটে এবং পঞ্চগড়ের বোদা উপজেলা সদরের নগরকুমারী হাটের ধানহাটি মাঠে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
বগুড়ার আলতাফুন্নেছা খেলার মাঠসহ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি, সভা-সমাবেশ নিষিদ্ধ এবং শহরে বিজিবি তলব করা হয়েছে। নন্দীগ্রাম পৌর শহরেও জারি হয়েছে ১৪৪ ধারা। রংপুর নগরের গুরুত্বপূর্ণ ৩২টি স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে। সিরাজগঞ্জ, পাবনা, ফরিদপুর, নাটোর এবং বনপাড়া ও বড়াইগ্রাম উপজেলায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। কুড়িগ্রামে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পুলিশ টহল জোরদার করেছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) নগরে সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ ঘোষণা করেছে। খুলনার পাইকগাছা উপজেলা সদরে গতকাল থেকে আজ শুক্রবার পর্যন্ত সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। বরিশালে অশ্বিনীকুমার হল চত্বরে আজ আওয়ামী লীগ ও বিএনপি সমাবেশ ডাকায় মহানগর পুলিশ সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।
সিলেট শহরে পুলিশ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৯) পাশাপাশি গতকাল বিজিবির পাঁচ প্লাটুন সদস্য টহল শুরু করেন। কুমিল্লা নগরের ২৭টি ওয়ার্ডে সব ধরনের মিছিল, সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে জেলা প্রশাসন। কুমিল্লা নগর ও চৌদ্দগ্রাম উপজেলা সদরে বিজিবি তলব করা হয়েছে। জেলার সুয়াগাজী, কোটবাড়ী, ফয়েজগঞ্জ ও পদুয়ার বাজারে ১৪৪ ধারা জারি করা হয়েছে। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ট্রাকে মেশিনগান তাক করে পুলিশ সদস্যদের টহল দিতে দেখা গেছে।
চট্টগ্রাম নগরে বিজিবি টহল শুরু করেছে। গতকাল সন্ধ্যা থেকে নগরের বিভিন্ন মোড়ে নিরাপত্তা চৌকি বসিয়ে পুলিশ তল্লাশি শুরু করেছে। খাগড়াছড়ির শাপলা চত্বর এবং এর আশপাশে ১৪৪ ধারা জারি করা হয়েছে। ফেনীতে আওয়ামী লীগ ও বিএনপির আজ শুক্রবারের পাল্টাপাল্টি সমাবেশের অনুমতি দেয়নি প্রশাসন। এ নিয়ে উত্তেজনা বিরাজ করছে।
এ প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, রাজশাহী, বগুড়া, কুড়িগ্রাম, পঞ্চগড়, জয়পুরহাট, নাটোর, রংপুর, সিরাজগঞ্জ, পাবনা, বরিশাল, খুলনা, সিলেট, কুমিল্লা, মৌলভীবাজার, খাগড়াছড়ি ও ফেনী থেকে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, অফিস ও প্রতিনিধিরা।