ছয় বিভাগীয় শহরে বিজিবি মোতায়েন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল ছাড়া ছয় বিভাগীয় শহরে বিজিবি মোতায়েনসহ বিভিন্ন শহরে সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। বিএনপি ও আওয়ামী লীগের আজ শুত্রবারের পাল্টাপাল্টি সমাবেশ থেকে বিশৃঙ্খলার আশঙ্কায় নারায়ণগঞ্জের কাঁচপুর ব্রিজ ও আশপাশের এলাকা, বগুড়া, জয়পুরহাট, সিরাজগঞ্জ, পাবনা, নাটোর, খাগড়াছড়িসহ ১৩স্থানে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের গুরুত্বপূর্ণ কাঁচপুর সেতুসহ আশপাশের এলাকায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে। রাজশাহীতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে ও বিএনপি-জামায়াতের নাশকতা মোকাবিলায় গতকাল সন্ধ্যায় নগরে বিজিবি নামানো হয়েছে। একই সঙ্গে রাজশাহী বিভাগের ছয় জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। আজ শুক্রবার ১৮-দলীয় জোট ও ১৪-দলীয় জোটের পাল্টাপাল্টি বিক্ষোভ সমাবেশ ও জামায়াত-শিবিরের নাশকতা মোকাবিলায় গতকাল নগরের সব থানায় ছাদের ওপরে বালির বস্তা দিয়ে বাঙ্কার তৈরি করা হয়েছে।
রাজশাহী জেলা ১৮-দলীয় জোটের শুক্রবারের বিক্ষোভ সমাবেশের জন্য নগরের উপকণ্ঠে পবা উপজেলার কাটাখালী পৌর এলাকার সিনেমা হলের সামনে মঞ্চ তৈরি করার সময় পুলিশ বাধা দেয়। আজ দুই জোটই রাজশাহী নগরে পাল্টাপাল্টি বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে।
জয়পুরহাটে কেন্দ্রীয় মসজিদ চত্বর এলাকায় দুটি রাজনৈতিক দল একই স্থানে জনসভা আহ্বান করায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
পঞ্চগড়ের বোদা উপজেলা সদরের নগরকুমারী হাটের ধানহাটি মাঠে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
বগুড়ার আলতাফুন্নেছা খেলার মাঠসহ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে প্রশাসন। শহরে তিন প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। নন্দীগ্রাম পৌর শহরেও ১৪৪ ধারা জারি করা হয়েছে।
কুমিল্লা নগরের ২৭টি ওয়ার্ডে সব ধরনের মিছিল, সভা ও সমাবেশ নিষিদ্ধ করেছে জেলা প্রশাসন। রাত আটটায় কুমিল্লা নগরে দুই প্লাটুন এবং চৌদ্দগ্রাম উপজেলা সদরে বিজিবির দুই প্লাটুন সদস্য মোতায়েন করা হয়। এদিকে জেলার সুয়াগাজী, কোটবাড়ি, ফয়েজগঞ্জ, পদুয়ার বাজারে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
কক্সবাজার অচল করে দেওয়ার হুমকি দিয়েছে বিএনপি। গতকাল বৃহস্পতিবার বিকেলে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বিশাল সমাবেশে স্থানীয় বিএনপির সাংসদ লুৎফর রহমান এ হুমকি দেন। বেলা তিনটা থেকে শহরের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার নারী-পুরুষ ধানের শীষ নিয়ে মিছিল করে শহীদ মিনার চত্বরে জড়ো হন। পাঁচটার আগে শহীদ মিনার ভরে যায়।
সিরাজগঞ্জ শহর এবং খাগড়াছড়ির শাপলা চত্বর ও এর আশপাশে ১৪৪ ধারা জারি করা হয়েছে। ফেনীতে আওয়ামী লীগ ও বিএনপির আজ শুক্রবারের পাল্টাপাল্টি সমাবেশের অনুমতি দেয়নি প্রশাসন। এ নিয়ে উত্তেজনা বিরাজ করছে। নাটোরের বনপাড়া ও বড়াইগ্রাম উপজেলায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। এ ছাড়া নাটোর, পাবনা ও ফরিদপুর শহরেও ১৪৪ ধারা জারি করা হয়েছে।
এ প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, রাজশাহী, বগুড়া, কুড়িগ্রাম,পঞ্চগড়, জয়পুরহাট, নাটোর, রংপুর, সিরাজগঞ্জ, পাবনা, ফরিদপুর, বরিশাল, কুষ্টিয়া, খুলনা, সিলেট, কুমিল্লা, মৌলভীবাজার, কক্সবাজার, লক্ষ্মীপুর, খাগড়াছড়ি ও ফেনী থেকে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, অফিস ও প্রতিনিধিরা।