ছয় বিষয়ে সম্মান চালু, শিক্ষক নেই একজনও
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সরকারি কলেজে শিক্ষক-সংকটে পাঠদান ব্যাহত হচ্ছে। গত দুই বছরে এখানে ছয় বিষয়ে সম্মান কোর্স চালু হলেও এসব বিষয়ে কোনো শিক্ষকই নিয়োগ দেওয়া হয়নি। স্নাতক পর্যায়ের শিক্ষক দিয়েই চলানো হচ্ছে কাজ। এতে সম্মান কোর্সে ভর্তি হওয়া শিক্ষার্থীরা আছে হতাশায়।
নাম প্রকাশ না করার শর্তে ইংরেজি প্রথম বর্ষের (সম্মান) এক শিক্ষার্থী আক্ষেপ করে বলেন, ‘ইংরেজি বিষয়ে পড়ার সুযোগ পেয়ে কত যে খুশি হয়েছিলাম। এখন দেখি শিক্ষক-সংকট।’
কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক একরামুল হক বলেন, ২০১২-১৩ শিক্ষাবর্ষে অর্থনীতি এবং ২০১৩-১৪ শিক্ষাবর্ষে বাংলা, ইংরেজি, হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে সম্মান কোর্স খোলা হয়। তখন থেকেই স্নাতক পর্যায়ের শিক্ষক দিয়েই চলছে কলেজটি। সম্মান কোর্সের জন্য নতুন করে আর পদ সৃষ্টি করা হয়নি। প্রতিটি সম্মান বিষয়ে একজন অধ্যাপক ও সহযোগী অধ্যাপক, দুজন সহকারী অধ্যাপক এবং তিনজন প্রভাষক মিলে সাতজন শিক্ষক থাকার কথা।
কলেজ সূত্রে জানা গেছে, এখানে একাদশ থেকে স্নাতক পর্যায়ে পাঠদান কার্যক্রম চালাতে ৪৪ পদের মধ্যে ১৮টিতে শিক্ষক আছে। ইংরেজি বিষয়ে দুজনসহ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে একজন, জীববিজ্ঞানে একজন, সামাজিক বিজ্ঞানে একজন এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ে দুজন অতিথি শিক্ষক নিয়োগ দিয়ে কার্যক্রম চালানো হচ্ছে। অথচ কলেজে বর্তমানে শিক্ষার্থী আছে ৫ হাজার ২৮৭ জন। দূরত্বের দিক দিয়ে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ, রাণীশংকৈল, হরিপুর, বালিয়াডাঙ্গী এবং দিনাজপুরের বোঁচাগঞ্জ, কাহারোল ও বীরগঞ্জ উপজেলার কাছাকাছি হওয়ায় এ কলেজে এসব এলাকার শিক্ষার্থীদের চাপ সব সময়ই বেশি।
উপাধ্যক্ষ মোসলেম বলেন, ছয়টি বিষয়ে সম্মান কোর্স চালু করায় এখানে শিক্ষার্থীদের চাপ বেড়েছে। প্রয়োজনীয় শিক্ষক নিয়োগের বিষয়ে কাগজপত্র ওপরে পাঠানো হয়েছে। তিনি বলেন, ‘অচিরেই একটা সুসংবাদ পাব বলে আশা করছি।’
অধ্যক্ষ মজিবর রহমান চৌধুরী বলেন, ‘শিক্ষক-সংকট নিরসনে আমি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের দপ্তরের উপপরিচালকের সঙ্গে টেলিফোনে যোগাযোগ চালিয়ে যাচ্ছি।’