ছয় ভবনের বর্ধিতাংশ ভেঙে ফেলার নির্দেশ
ইমারত নির্মাণ বিধিমালা অমান্য করার অপরাধে গতকাল সোমবার নগরের বিভিন্ন ভবনে অভিযান চালান চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) ভ্রাম্যমাণ আদালত। এ সময় পাঁচ ভবনমালিককে ১৫ লাখ টাকা জরিমানার পাশাপাশি নকশাবহির্ভূত অংশ ভেঙে ফেলার নির্দেশ দিয়েছেন আদালত। চউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশরাফুল আমিনের নেতৃত্বে নগরের টেরিবাজার, ঘাটফরহাদবেগ ও রহমতগঞ্জ এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানকালে টেরিবাজার এলাকায় ছয়তলা ভবনের অনুমতি নিয়ে সাততলা নির্মাণ করায় এক ব্যক্তিকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি বর্ধিত অংশ এক মাসের মধ্যে ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়। ওই ব্যক্তির নাম কামরুল হাসান। ম্যাজিস্ট্রেট আশরাফুল আমিন জানান, একতলা বাড়ানোর পাশাপাশি অবৈধভাবে বেসমেন্ট করে দোকান নির্মাণ করেছেন তিনি। ঘাটফরহাদবেগ এলাকায় চিটাগাং প্রপার্টিজের মালিকানাধীন সাততলা ভবনটি নকশাবহির্ভূতভাবে নির্মাণ করায় তাদের তিন লাখ টাকা জরিমানা ও ভবনের কাজ বন্ধ করার নির্দেশ দেওয়া হয়। এ ছাড়া এক মাসের মধ্যে নকশাবহির্ভূত অংশ ভেঙে ফেলতে বলা হয়। একই এলাকায় আরতী কণা পালিতের মালিকানাধীন এবং আরএফএইচ ডেভেলপারের নির্মাণাধীন সাততলা ভবনটি নকশাবহির্ভূতভাবে নির্মাণ করায় তাঁকে এক লাখ টাকা জরিমানা ও ব্যতিক্রমী অংশ ভেঙে ফেলতে বলা হয়। অভিযানকালে ঘাটফরহাদবেগ এলাকায় জনৈক অমল চন্দ্র ও অন্যদের মালিকানাধীন চারতলা ভবন পরিদর্শনে দেখা যায়, নকশাবহির্ভূতভাবে সামনে ও পেছনের অংশ বাড়ানো হয়েছে। এ ছাড়া নিচতলায় নকশার বাইরে গিয়ে দোকান নির্মাণ করেছেন। তাঁদের এক লাখ টাকা জরিমানা ও তাঁর দোকান দুটি সিলগালা করে আগামী এক মাসের মধ্যে ব্যতিক্রমী অংশ ভেঙে ফেলার নির্দেশ দেন আদালত। একই এলাকায় লাকী রানী দাশ নকশাবহির্ভূতভাবে নিচতলায় দুটি দোকান নির্মাণ করায় তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা এবং এক মাসের মধ্যে দোকান ভেঙে ফেলতে বলা হয়। দোকান দুটি সিলগালা করে দেওয়া হয়।এ ছাড়া রহমতগঞ্জ এলাকার ইকবালুর রহমানের মালিকানাধীন ফেন্সী প্রপার্টিজ লিমিটেডের নির্মাণাধীন ভবনটি নকশাবহির্ভূতভাবে নির্মাণ করায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তাঁকেও এক মাসের মধ্যে ব্যতিক্রমী অংশ ভেঙে ফেলতে নির্দেশ দেন আদালত। অভিযানকালে চউকের নগর পরিকল্পনাবিদ মো. সারোয়ার উদ্দিন আহম্মেদ, নির্বাহী প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মোহাম্মদ শামিম প্রমুখ উপস্থিত ছিলেন।