সিলেটের জৈন্তাপুর সীমান্তের শ্রীপুর এলাকা থেকে অনুপ্রবেশের অভিযোগে গ্রেপ্তার ছয় ভারতীয় ও দুই বাংলাদেশি নাগরিককে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। গতকাল সোমবার বিকেলে আটজনকে সিলেটের মুখ্য বিচারিক হাকিম মো. আমির উদ্দিনের আদালতে হাজির করে পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করে। আদালত তিন দিন মঞ্জুর করেন।জৈন্তাপুর থানা সূত্র জানায়, বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে গত রোববার বিকেলে জৈন্তাপুর সীমান্তের শ্রীপুর এলাকা থেকে বিডিআরের টহল দলের সদস্যরা ভারতীয় ইন্দ্রজিৎ সিংহ (৪০), লাখপতি সিংহ (২৬), রবিন সিংহ (১৪), রংচন সিংহ (১৭), রণজিদা দেবী (২০) ও সাবনা দেবীকে (৩৫) গ্রেপ্তার করে। তাঁদের গাইড মৌলভীবাজারের কমলগঞ্জের সিরাজ মিয়া (২৮) ও সিলেটের জাফলংয়ের জিতেন্দ্রকেও (২২) গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছে থেকে সামরিক পোশাকসহ যুদ্ধে ব্যবহূত জ্যাকেট, প্রায় ২২ হাজার ভারতীয় রুপি, ছয়টি মুঠোফোনসহ ১০টি ভারতীয় সিমকার্ড ও দুটি বাংলাদেশি সিমকার্ড উদ্ধার করা হয়। বিডিআর রাত ১০টায় তাঁদের পুলিশে দিলে মামলা হয়।মামলার তদন্তকারী কর্মকর্তা জৈন্তাপুর থানার এসআই মনোজ কান্তি দাস জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁদের কাছ থেকে রহস্যজনক বক্তব্য পাওয়া যাচ্ছে। বিষয়টি সময়সাপেক্ষ তদন্তের ব্যাপার।