ছয় মন্ত্রীর বৈঠকেও সুরাহা হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

সরকারের ছয়জন মন্ত্রী এবং চট্টগ্রামের মেয়রের সমন্বয়ে উচ্চপর্যায়ের বৈঠকেও নির্ধারিত ওজনসীমা মেনে পণ্যবাহী যানবাহন চলাচলের বিষয়টি নিশ্চিত করা যায়নি। বৈঠকে মালিক-শ্রমিকদের দাবির মুখে বিষয়টি সুরাহার জন্য সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে সরকারের বিভিন্ন সংস্থা, ব্যবসায়ী এবং মালিক-শ্রমিক প্রতিনিধি রয়েছেন। ১৩ অক্টোবর কমিটির বৈঠক হবে। তার আগ পর্যন্ত জরিমানা ছাড়াই অতিরিক্ত মালামাল নিয়ে চলাচল করতে পারবে পণ্যবাহী যান।
গতকাল মঙ্গলবার বিকেলে রমনা রেস্তোরাঁয় অনুষ্ঠিত উচ্চপর্যায়ের এই বৈঠকে সভাপতিত্ব করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এতে অংশ নেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, রেলমন্ত্রী মুজিবুল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীনসহ বেশ কয়েকটি মন্ত্রণালয়ের সচিবেরা। ছিলেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই, তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ, সরকারের বিভিন্ন সংস্থা ও মালিক-শ্রমিক সংগঠনের নেতারাও। নাগরিক সমাজের প্রতিনিধি থাকলেও মতামত দেওয়ার সুযোগ পাননি তাঁরা। মালিক-শ্রমিক সংগঠনের নেতারাই সবচেয়ে বেশি বক্তব্য দিয়েছেন। ওবায়দুল কাদের ও শাজাহান খানের বাইরে অন্য মন্ত্রীরা বক্তব্য দেননি।
অতিরিক্ত পণ্যবাহী যানবাহনে সড়ক পরিবহন মন্ত্রণালয় জরিমানা আরোপ করে সম্প্রতি। এর প্রতিবাদে কনটেইনারবাহী যানের মালিক-শ্রমিকেরা গত ২৬ সেপ্টেম্বর থেকে টানা ১০০ ঘণ্টা ধর্মঘট করেন। ফলে চট্টগ্রাম বন্দরে প্রায় ৩৯ হাজার কনটেইনার জট লেগে যায়।

অতিরিক্ত পণ্য বহন নিয়ে সৃষ্ট সংকট সমাধানের বিষয়ে গতকাল ছয় মন্ত্রীর বৈঠকেও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া যায়নি। বৈঠকের একপর্যায়ে সড়ক পরিবহন, নৌ ও স্বরাষ্ট্রমন্ত্রীকে রেখে অন্য মন্ত্রীরা একটি কমিটি গঠনের বিষয়ে সায় দিয়ে সংসদে চলে যান।

বৈঠকের শুরুতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক সামছুল হক পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে অতিরিক্ত ওজন বহনের কারণে সড়ক ও সেতুর কী ক্ষতি হচ্ছে, তা তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশে চলমান ট্রেইলরের সর্বোচ্চ ক্ষমতা ৩২ টনের। কিন্তু মাল বহন করা হচ্ছে ৪২ টন। আর কাভার্ড ভ্যান ও ট্রাকের আকৃতি পরিবর্তন করে বাড়তি পণ্য বহন করা হচ্ছে। এর ফলে সড়ক ও সেতুর ক্ষতি হচ্ছে। পাশাপাশি সড়ক নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে।

অধ্যাপক সামছুল হক বলেন, আন্তর্জাতিক নিয়ম মেনে আকৃতি ঠিক না করা হলে আন্তর্দেশীয় যোগাযোগ করা যাবে না। সমস্যা সমাধানে তিনি ট্রেইলরে আপৎকালীন দুটি চাকা সংযোজনের পরামর্শ দেন। আর ট্রাক ও কাভার্ড ভ্যানের বাম্পার, অ্যাঙ্গেল ও হুক খুলে ফেলার পরামর্শ দেন। দীর্ঘ মেয়াদে সব পণ্যবাহী যানের আকৃতি আইন মেনে করার পরামর্শ দেন।

এরপর বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, তাঁরা বন্দরের ৮০ শতাংশ ব্যবহারকারী। তাঁদের কনটেইনারে বাড়তি ওজন বহন করা হয় না। কিন্তু এরপরও সাম্প্রতিক ধর্মঘটে ক্ষতিগ্রস্ত হয়েছেন পোশাকমালিকেরা। এ জন্য তাঁদের ক্ষতিপূরণ দেওয়া উচিত।

অন্যদিকে একাধিক পণ্য পরিবহনকারী সংগঠনের মালিক ও শ্রমিকনেতা অভিযোগ করেন, ওজন পরিমাপের নামে তাঁদের হয়রানি করা হয়। তাঁদের দাবি, তাঁদের যানগুলো যেমন আছে, সে অবস্থায় বাড়তি ওজন বহনের সুযোগ দেওয়া হোক। তাঁরা আস্তে আস্তে বাড়তি চাকা লাগাবেন এবং বাম্পার খুলে নেবেন।

মালিক ও শ্রমিকনেতাদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির কার্যকরী সভাপতি রুস্তম আলী, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের জ্যেষ্ঠ সহসভাপতি আবদুর রহিম বক্স, প্রাইম মুভার ওনার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক আবু বকর সিদ্দিক প্রমুখ। এ ছাড়া বৈঠকে থাকা মন্ত্রী শাজাহান খান নিজে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি আর পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান (রাঙ্গা) হলেন বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির সভাপতি।

বৈঠকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল খালেদ ইকবাল বলেন, ধর্মঘটের কারণে এবার ৩৯ হাজার কনটেইনার জমে যায়। বন্দরে ২০ হাজারের বেশি কনটেইনার হলেই জট তৈরি হয়। প্রতিবছর বন্দরের কনটেইনার ওঠানো-নামানোয় ১৫ থেকে ২০ শতাংশ প্রবৃদ্ধি হচ্ছে। এখন পণ্যবাহী যানের চাকা বৃদ্ধি করা হবে, নাকি মালামাল কম বহন করা হবে, সে বিষয়ে দ্রুত সুরাহা করতে হবে।

চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনার ইকবাল বাহার বলেন, ঢাকা-চট্টগ্রাম পথে দৈনিক ২০ হাজার পণ্যবাহী যান চলে। কিন্তু ওজন নিয়ন্ত্রণযন্ত্রের ক্ষমতা পাঁচ শর কম। সড়ক ও সেতুর ক্ষতি কমাতে অবশ্যই ওজন নিয়ন্ত্রণ করতে হবে। পাশাপাশি ওজন নিয়ন্ত্রণব্যবস্থা আরও আধুনিক করতে হবে।

বৈঠকে অংশগ্রহণকারীদের অধিকাংশই বিষয়টি সুরাহার জন্য একটি কারিগরি কমিটি গঠনের পক্ষে মত দেন। পরে নৌপরিবহনমন্ত্রী বলেন, ‘অনেকেই টেকনিক্যাল কমিটি গঠনের কথা বলেছেন। আমাদের চেয়ে বড় টেকনিক্যাল আর কে আছে?’ তিনি একটি কমিটি গঠনের প্রস্তাব করেন, যে কমিটিতে তাঁরা সবাই থাকতে পারেন। ওই কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার আগে যেন বাড়তি পণ্য পরিবহনের জন্য জরিমানা আরোপ করা না হয়।

সিদ্ধান্ত জানাতে গিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘মেঘনা-গোমতী সেতুর অবস্থা নাজুক। সেতু পড়ে গেলে কোথা দিয়ে গাড়ি চালাবেন? জরিমানার টাকা আমার পকেটে যাবে না। দুটি ব্রিজ টিকিয়ে রাখতে হবে। সড়ক ঠিক রাখতে হবে। ওভারলোড করবেন না, তাহলে জরিমানাও দিতে হবে না।’

এই পর্যায়ে শাজাহান খান বলেন, ‘দুটি ব্রিজ কেন, প্রয়োজনে চার ব্রিজ তৈরি করবেন। পদ্মা সেতু করছেন না? আপাতত জরিমানা ছাড়াই চলতে দেওয়া হোক।’

এই পর্যায়ে ওবায়দুল কাদের বলেন, ‘আগামী ১৩ অক্টোবর বৈঠক হবে। সেখানে একটি স্থায়ী সমাধান হবে। এর আগ পর্যন্ত পণ্যবাহী যান আগের মতোই চলবে।’

ওবায়দুল কাদের তাঁর নেতৃত্বে গঠিত কমিটির সদস্যদের নাম বলেন। এতে লেখক সৈয়দ আবুল মকসুদ আছেন। তিনি গতকালের বৈঠকে উপস্থিতও ছিলেন। তবে মতামত দেওয়ার সুযোগ পাননি। বৈঠক থেকে বেরিয়ে সৈয়দ আবুল মকসুদ প্রথম আলোকে বলেন, ১৩ অক্টোবর যে বৈঠক ডাকা হয়েছে, তার আগে এখান থেকেই একটা ধারণাপত্র তৈরি করে নেওয়া উচিত ছিল। আগামী বৈঠকেও ২০-২৫ জন সদস্য থাকবেন। সেখানেও সিদ্ধান্ত নিতে হিমশিম খেতে হবে বলে মনে হচ্ছে।