ছয় মহাসড়কে দায়িত্বে থাকবে সেনাবাহিনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছয়টি মহাসড়কে যান চলাচল নির্বিঘ্ন করতে সশস্ত্র বাহিনীকে নিয়মিত সহায়তা করতে বলা হয়েছে। পণ্য পরিবহন নিশ্চিত করা, নির্বাচনী সরঞ্জাম সুষ্ঠুভাবে প্রত্যন্ত এলাকায় পৌঁছানো এবং নির্বাচনসংশ্লিষ্ট ব্যক্তিদের নিরাপত্তা দেওয়া এর লক্ষ্য।
সশস্ত্র বাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষার সঙ্গে জড়িত সাতটি বাহিনী ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রধানদের উপস্থিতিতে অনুষ্ঠিত সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। গত রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় প্রধানমন্ত্রীর কার্যালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নীতিনির্ধারণী কর্মকর্তারা অংশ নেন।
সভায় স্থানীয় পর্যায়ে রিটার্নিং কর্মকর্তা ও জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সশস্ত্র বাহিনীর প্রতিনিধি নিয়ে একটি স্থানীয় কার্যকরি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। এ ছাড়া সশস্ত্র বাহিনী বিভাগকে কেন্দ্রীয় সমন্বয় সেল গঠন করতে বলা হয়েছে।
সভায় সিদ্ধান্ত হয়, ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-বেনাপোল, ঢাকা-রাজশাহী, ঢাকা-রংপুর, ঢাকা-দিনাজপুর ও ঢাকা-মংলা মহাসড়কে সেনাবাহিনীর সদস্যরা নিয়মিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করবে।
জানতে চাইলে ওই সভার সভাপতি ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব শেখ মো. ওয়াহিদ-উজ-জামান প্রথম আলোকে বলেন, সংবিধান সমুন্নত রাখা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ প্রতিটি সরকারি কর্মকর্তার আইনানুগ ও পবিত্র দায়িত্ব। সংবিধানের ১২৬ অনুচ্ছেদ এবং ফৌজদারি কার্যবিধির ১৩০ ও ১৩১ ধারা অনুসারে নির্বাচন কমিশনের অভিপ্রায় অনুযায়ী নির্বাচনী কাজে আইনশৃঙ্খলা রক্ষার্থে সশস্ত্র বাহিনী নিয়োগ করা হয়েছে।
সভায় উপস্থিত একজন কর্মকর্তা বলেন, নির্বাচন কতটা শান্তিপূর্ণভাবে করা যায়, সে লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর মতামত নেওয়া হয়েছে।
নির্বাচনের আগে সেনাবাহিনী মোতায়েন হয়েছে কি হয়নি, তা নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। এর পরিপ্রেক্ষিতে সভায় জানানো হয়, ২৬ ডিসেম্বর থেকে সেনাবাহিনী পুরোমাত্রায় কার্যক্রম শুরু করবে। এক সপ্তাহ আগে থেকে তারা আনুষঙ্গিক প্রস্তুতি নিচ্ছে।
সভায় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রসচিব সি কিউ কে মুসতাক আহমদ, পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার, সশস্ত্র বাহিনী বিভাগের পিএসও লে. জেনারেল আবু বেলাল মো. শফিউল হক, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার মহাপরিচালক মেজর জেনারেল (অব.) মনজুর আহমদ, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ, আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল মো. নাজিমউদ্দিন, প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সিরাজুল ইসলাম শিকদার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক কবির বিন আনোয়ার প্রমুখ।