ছয় মহাসড়কে নিরাপত্তা দিচ্ছে সশস্ত্র বাহিনী

বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে গতকাল বৃহস্পতিবার সকাল থেকে দেশের ৫৭টি জেলায় সেনাবাহিনী ও দুটি জেলায় নৌবাহিনী মোতায়েন করা হয়েছে। সশস্ত্র বাহিনীর সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা করার পাশাপাশি ছয়টি মহাসড়কের নিরাপত্তা নিশ্চিত করবেন। তাঁরা ১১ জানুয়ারির মধ্যে সেনানিবাসে প্রত্যাবর্তন করবেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর থেকে গতকাল দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিকভাবে জেলা পর্যায়ে প্রয়োজনীয়সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। পরে রিটার্নিং কর্মকর্তার সঙ্গে সমন্বয় করে উপজেলা ও মহানগর পর্যায়ে তাঁরা দায়িত্ব পালন করবেন।
তিন বাহিনী মোতায়েন উপলক্ষে সশস্ত্র বাহিনী বিভাগ থেকে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে একটি নির্দেশনা পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, জয়পুরহাট, চাঁদপুর, শরীয়তপুর, মাদারীপুর ও রাজবাড়ী জেলা ছাড়া অন্য সব জেলায় সশস্ত্র বাহিনী থাকছে। এর মধ্যে ভোলা ও বরগুনার নিরাপত্তায় থাকবে নৌবাহিনী। আর তিন পার্বত্য জেলার নিরাপত্তা দেখভাল করছে সেনাবাহিনী। এ ছাড়া যেকোনো মুহূর্তে উড্ডয়ন-সহায়তার জন্য প্রয়োজনীয়সংখ্যক বিমান ও হেলিকপ্টার নিয়ে গতকাল থেকে বিমানবাহিনী প্রস্তুত আছে।
সেনাসূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার থেকে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-দিনাজপুর, ঢাকা-পাটুরিয়া-যশোর ও খুলনা, ঢাকা মাওয়া-খুলনা, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নিরাপত্তা সেনাসদস্যরা দেখভাল করছেন। এর মধ্যে শুধু খুলনা-মংলা সড়কের নিরাপত্তা দিচ্ছেন নৌবাহিনীর সদস্যরা। তবে নির্দেশনা অনুসারে ২৫ ডিসেম্বর থেকে দায়িত্ব পালন করার কথা থাকলেও ২১ ডিসেম্বর থেকে সেনাসদস্যরা দেশের কয়েকটি মহাসড়কে টহল দিতে শুরু করেছেন। এ সময় তাঁরা যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করেন এবং মহাসড়কে অবস্থান নেন।
সশস্ত্র বাহিনী বিভাগের নির্দেশনায় বলা হয়, সশস্ত্র বাহিনীর সদস্যরা প্রতিটি জেলায় সুবিধাজনক স্থানে অবস্থান করবেন। তাঁদের প্রতিটি দলের সঙ্গে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবেন। তাঁরা মজুত বাহিনী (স্ট্রাইকিং ফোর্স) হিসেবে থাকবেন। ভোট গণনা ও ব্যালট পেপার রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছানো পর্যন্ত সশস্ত্র বাহিনীর সদস্যরা সতর্কতায় থাকবেন।
সূত্র জানায়, প্রতি জেলায় কমবেশি এক ব্যাটালিয়ন (৮০০ জন) করে সশস্ত্র বাহিনীর স্ট্রাইকিং ফোর্স মোতায়েন করা হয়। সেখানে তারা ক্যাম্প স্থাপন করেছে। আর প্রতিটি উপজেলা বা থানায় দুই থেকে তিন প্লাটুন বা এক কোম্পানি (জনবল ১৩০ জন) করে সশস্ত্র বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। যেসব স্থানে ক্যাম্প স্থাপন করা হবে না, সেখানে ভ্রাম্যমাণ থেকে দায়িত্ব পালন করা হবে। সশস্ত্র বাহিনীর সদস্যরা কোনো ভোটকেন্দ্রের ভেতরে বা ভোটকক্ষে ঢুকবেন না।
গতকাল পর্যন্ত ৫৭ জেলায় কতসংখ্যক সেনাসদস্য মোতায়েন করা হয়েছে জানতে চাইলে সশস্ত্র বাহিনী বিভাগের নিয়ন্ত্রণকেন্দ্র থেকে বলা হয়, নির্বাচন কমিশন আইনশৃঙ্খলা রক্ষার জন্য ৫০ হাজার সদস্য মোতায়েনের প্রস্তাব করেছিল। কিন্তু এখন পর্যন্ত এ-সংখ্যক সদস্য মোতায়েনের প্রয়োজন পড়েনি। তবে পর্যাপ্তসংখ্যক সদস্য মজুত রাখা হয়েছে।
সূত্র জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য জেলা পর্যায় ছাড়াও সশস্ত্র বাহিনী বিভাগে একটি নিয়ন্ত্রণকেন্দ্র খোলা হয়েছে। কোনো ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে তা নিয়ন্ত্রণকক্ষকে জানাতে হবে। এ ছাড়া প্রতিদিন সকাল ১০টার মধ্যে সর্বশেষ তথ্য জানাতে হবে। প্রত্যাহারের ১৫ দিনের মধ্যে নিজ নিজ বাহিনীর সদস্যরা নির্বাচন বিষয়ে একটি প্রতিবেদন দাখিল করবেন।