চাঁদপুর-লাকসাম রেলপথের বিভিন্ন স্থানে গত ২৬ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত নাশকতার ঘটনায় জিআরপি থানায় দায়ের হওয়া ছয়টি মামলায় এ পর্যন্ত ২০ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এসব মামলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) তিনজন চেয়ারম্যানসহ ১৭৮ জনের নামে এবং আরও পাঁচ শতধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে।
চাঁদপুর জিআরপি থানার ওসি সুভাষ কান্তি দাস জানান, ১৮-দলীয় জোটের ডাকা পরপর দুটি অবরোধে বিএনপি ও জামায়াত-শিবিরের কর্মীরা চাঁদপুর-লাকসাম রেলপথের বিভিন্ন স্থানে নাশকতা চালিয়েছেন। এসব ঘটনায় রেল পুলিশ ও রেল কর্মকর্তারা ছয়টি মামলা করেছেন।
এর মধ্যে গত ২৬ নভেম্বর চাঁদপুর রেলস্টেশনের কাছে রেললাইনে আগুন দেওয়ায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা করা হয়। গত ২৭ নভেম্বর শাহরাস্তির উপলতা নামক স্থানে ৬০ ফুট দীর্ঘ রেলপথ উপড়ে ফেলায় ৩৫ জনের নামে ও অজ্ঞাত আরও ১০০ থেকে ১১০ জনের বিরুদ্ধে মামলা হয়। গত ২৮ নভেম্বর আবারও রেললাইনে আগুন দেওয়ার ঘটনায় ১০০ থেকে ১১০ জনের বিরুদ্ধে মামলা হয়। গত ৩০ নভেম্বরও স্টেশনের কাছে রেললাইনে আগুন দেওয়ার ঘটনায় ৪২ জনের নামে এবং অজ্ঞাতনামা ৬০ জনের বিরুদ্ধে মামলা হয়।
এ ছাড়া চলতি মাসের প্রথম দিনই রেলপথের শাহরাস্তি এলাকায় রেলের ফিশপ্লেট খুলে ফেলায় ৪৩ জনের নামে ও অজ্ঞাত আরও ৪৫ থেকে ৫০ জনের বিরুদ্ধে মামলা হয়। শাহতলীতে ৪ ডিসেম্বর ফিশপ্লেট খুলে ফেলায় পরদিন তিনজন ইউপি চেয়ারম্যানসহ ৫৮ জনের নামে এবং অজ্ঞাত আরও ৪০ থেকে ৫০ জনকে আসামি করে মামলা হয়। মামলার আসামি ইউপি চেয়ারম্যানরা হলেন হাজীগঞ্জের বাকিলার মিজানুর রহমান, চাঁদপুর সদরের শাহমাহমুদপুরের স্বপন মাহমুদ ও আশিকাটির দেলোয়ার হোসেন মাস্টার।