ছয় মার্কিন নাগরিকের ওপর হামলা, আটক ৩
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার কোয়ালাকান্দি গ্রামে গতকাল বুধবার স্থানীয় গ্রামবাসী ও মাদ্রাসাছাত্রদের হামলার শিকার হয়েছেন বাংলাদেশ সফররত ছয় মার্কিন নাগরিক। হামলাকারীরা তাঁদের গাড়িটিও ভাঙচুর করেছে। এ ঘটনায় একটি মাদ্রাসার অধ্যক্ষসহ তিনজনকে আটক করেছে পুলিশ।পুলিশ, গ্রামবাসী ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, গতকাল সকালে যুক্তরাষ্ট্রের পেজ বেটিরিয়ান চার্চের ছয় সদস্যের একটি প্রতিনিধিদল কোয়ালাকান্দি গ্রামে যায়। তাঁদের সঙ্গে ছিলেন চার্চটির বাংলাদেশ প্রতিনিধি এডওয়ার্ড আইয়ুব আলী। কোয়ালাকান্দি গ্রামে ওই চার্চের উদ্যোগে একটি দাতব্য চিকিৎসালয় ও সাংস্কৃতিক কেন্দ্র স্থাপনের লক্ষ্যে জমি পরিদর্শনে আসে প্রতিনিধিদলটি। কিন্তু গ্রামে ঢোকার পর গ্রামবাসীর বিক্ষোভের মুখে পড়েন মার্কিন নাগরিকেরা। একপর্যায়ে স্থানীয় তেঘরিয়া এফকেটি মাদ্রাসা ও মেলান্দহের একটি মাদ্রাসার ছাত্রসহ দুই শতাধিক লোক তাঁদের ওপর হামলা চালায়। তাঁদের লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হয়।ইটের আঘাতে মার্কিন নাগরিকদের বহনকারী গাড়িটির (মাইক্রোবাস) কাচ ভেঙে যায়। এতে গাড়ির ভেতরে থাকা মার্কিন নাগরিকদের মধ্যে বেঞ্জামিন ফ্র্যাংক্স, রিক ফ্রিজেন ও এনেট ফ্রিজেন আহত হন। খবর পেয়ে মাদারগঞ্জ থানার পুলিশ তাঁদের উদ্ধার করে থানায় নিয়ে আসে।পরে বিকেল পাঁচটার দিকে জামালপুরের জেলা প্রশাসক ও পুলিশ সুপার মার্কিন নাগরিকদের জামালপুর শহর পর্যন্ত পৌঁছে দেন বলে স্থানীয় থানার পুলিশ জানিয়েছে।মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল জানান, হামলার পর এফকেটি মাদ্রাসার অধ্যক্ষ আবদুল বারী, সহকারী শিক্ষক জাকারিয়া, শিক্ষিকা খালেদা পারভীন, পারভীন ও অন্তু নামের এক যুবককে আটক করা হয়েছে। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর দুই শিক্ষিকাকে ছেড়ে দেওয়া হয়েছে। ওসি আবদুল আউয়াল জানান, হামলার ঘটনায় তেঘরিয়া গ্রামের জাহাঙ্গীর খালেককে প্রধান আসামি করে মামলা করেছেন এডওয়ার্ড আইয়ুব আলী। এতে ২২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও বেশ কয়েকজনকে আসামি করা হয়েছে। জামালপুরের জেলা প্রশাসক সিরাজ উদ্দীন আহম্মদ, জেলা পুলিশ সুপার আবদুর রাজ্জাক, অতিরিক্ত পুলিশ সুপার নিজাম উদ্দিন, এএসপি সার্কেল (দেওয়ানগঞ্জ) শহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।