ছয় মাস ধরে সাড়ে তিন কিলোমিটারের কাজ বন্ধ
সুনামগঞ্জের পাগলা-জগন্নাথপুর-রানীগঞ্জ-আউশকান্দি আঞ্চলিক মহাসড়কে আর মাত্র সাড়ে তিন কিলোমিটার অংশের কাজ বাকি। কিন্তু বর্ষা মৌসুমের কথা বলে ছয় মাসের বেশি সময় ধরে কাজ বন্ধ রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান।
অথচ ৩১ ডিসেম্বরই প্রকল্পের মেয়াদ শেষ হচ্ছে। এই সময়ে কাজ শেষ না হলে আবারও পিছিয়ে যাবে সড়কটির কাজ। শেষ হবে না জেলাবাসীর ভোগান্তি।
এলাকাবাসী এবং সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর জানায়, জেলা শহর সুনামগঞ্জের সঙ্গে রাজধানীর দূরত্ব কমিয়ে আনা এবং প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুরবাসীর সঙ্গে রাজধানীর যোগাযোগ স্থাপনে ১৯৯৯-২০০০ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে পাগলা-জগন্নাথপুর-রানীগঞ্জ-আউশকান্দি আঞ্চলিক মহাসড়কের কাজ শুরু হয়। শত কোটি টাকা ব্যয়ে ৪৬ কিলোমিটার দীর্ঘ সড়কের ৬০ শতাংশ কাজ শেষ হয়। পরে চারদলীয় জোট সরকার ক্ষমতায় এলে মহাসড়কের কাজ বন্ধ হয়ে যায়। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ওই সড়কের কাজ শেষ করতে ২০০৮-২০০৯ সালে ৫১ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প নেওয়া হয়। প্রকল্পে সুনামগঞ্জ অংশে ৩৭ কোটি টাকা ও হবিগঞ্জ অংশে ১৪ কোটি টাকা ব্যয় ধরে কাজ শুরু করা হয়। ২০১০-২০১১ সালে অর্থাভাবে ওই সড়কের কাজ আবারও বন্ধ হয়ে যায়। ২০১১ সালে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় এক জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সড়কটিকে অগ্রাধিকার তালিকায় অন্তর্ভুক্ত করে কাজ শেষ করার ঘোষণা দেন। ওই সড়ক ঘুরে দেখা গেছে, সড়কটির বেশির ভাগ অংশের কাজ শেষ হলেও জগন্নাথপুর থেকে রানীগঞ্জ পর্যন্ত নারিকেলতলা এলাকার দেড় কিলোমিটার অংশ এবং কুশিয়ারা নদীর পাড়ে গুতগাঁও-ইনাতগঞ্জ অংশের দুই কিলোমিটারের কাজ এখনো শেষ হয়নি। রানীগঞ্জ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুস সামাদ জানান, ঠিকাদার ও সওজের লোকজনের গাফিলতির কারণে সড়কটির কাজ শেষ হচ্ছে না। বৃষ্টি মৌসুমের কথা বলে গত জুন মাসে কাজ বন্ধ করা হয়। বর্ষা শেষ হয়ে শীত চলে এসেছে। তবু কাজ শুরু করার কোনো উদ্যোগ নেই। উপজেলার রানীগঞ্জ বাজারের বাসিন্দা যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মজম্মিল আলী বলেন, ‘এবারের প্রকল্পের মেয়াদে কাজ শেষ না হলে জীবদ্দশায়ও পূর্ণাঙ্গ সড়ক দেখে যেতে পারব বলে মনে হয় না।’ জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ বলেন, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত ওই সড়কের কাজ প্রকল্পের মেয়াদের মধ্যে শেষ করতে বারবার যোগাযোগ করা হলেও সওজ ও ঠিকাদারের অবহেলার কারণে গুরুত্বপূর্ণ ওই সড়কের কাজ যথাসময়ে শেষ হওয়া নিয়ে আশঙ্কা রয়েছে।
সড়কটি নির্মাণের ঠিকাদারী প্রতিষ্ঠান এসআরডি-এনটির (জেবি) স্বত্বাধিকারী সজীব রঞ্জন দাস দাবি করেন, ‘এই মহাসড়কের কাজ যথাসময়ে শেষ করতে আমাদের কোনো ত্রুটি নেই। জগন্নাথপুর অংশে দেড় কিলোমিটারের কাজ শেষ করেছি। কুশিয়ারা নদীর ওপারে অপর অংশের কাজ ও জগন্নাথপুরের অসমাপ্ত কাজ বৃষ্টির জন্য বন্ধ ছিল। শিগগিরই অসমাপ্ত কাজ শুরু করে মেয়াদের মধ্যে শেষ করা হবে।’
সিলেট সওজের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ইকরাম উল্লাহ প্রথম আলোকে বলেন, ‘৩১ ডিসেম্বর ওই সড়কের প্রকল্পের মেয়াদ শেষ হবে। তাই মেয়াদের মধ্যে কাজ শেষ না করে উপায় নেই। তাই কাজ শেষ করতে ঠিকাদারদের তাগাদা দিয়েছি।’