>

* অভিযোগপত্রভুক্ত তিনজন ‘বন্দুকযুদ্ধে’ নিহত
*পুলিশ বলছে, জেএমবি যে নীলনকশা তৈরি করেছিল, তারই অংশ ছিল শিক্ষক রেজাউল হত্যাকাণ্ড
* হত্যার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছিল আইএস
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী হত্যা মামলায় আট আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। হত্যাকাণ্ডের প্রায় সাড়ে ছয় মাস পর এ অভিযোগপত্র জমা দেওয়া হলো।
গতকাল রোববার রাজশাহী মহানগর মুখ্য হাকিম আদালতে এ অভিযোগপত্র জমা দেন রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক রেজাউস সাদিক।
অভিযোগপত্র অনুযায়ী, আট আসামির তিনজন পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। বর্তমানে আটক রয়েছেন চারজন। একজন পলাতক।
অভিযোগপত্রভুক্ত আসামিদের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ মারা গেছেন খাইরুল ইসলাম ওরফে বাঁধন, নজরুল ইসলাম ওরফে বাইক হাসান ও ওসমান। তাঁদের মধ্যে নজরুলকে ধরতে গত জুলাইয়ে পুলিশ ছবিসহ খবরের কাগজে বিজ্ঞপ্তি দিয়েছিল। এ ছাড়া আটক চারজন হলেন জেএমবির সদস্য মাসকাওয়াত হাসান সাকিব ওরফে আবদুল্লাহ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র রহমতুল্লাহ, খুনিদের সন্দেহভাজন আশ্রয়দাতা রাজশাহীর পবার নারকেলবাড়িয়া পূর্বপাড়া গ্রামের কৃষক আবদুস সাত্তার ও তাঁর কলেজে পড়া ছেলে রিপন আলী।
আটক এই চারজনের মধ্যে বগুড়ার মাসকাওয়াত গত ১৬ মে রাজশাহী মহানগর হাকিম আদালত-২-এর বিচারক খালিদ হাসানের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তিনি রংপুর পলিটেকনিক থেকে পাস করেন।
পলাতক রয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র শরীফুল ইসলাম ওরফে খালিদ। তাঁর বাড়ি রাজশাহীর বাগমারা উপজেলার শ্রীপুর গ্রামে। শিক্ষক রেজাউল তাঁর স্থানীয় অভিভাবক ছিলেন।
মামলার তদন্ত কর্মকর্তা রেজাউস সাদিক বলেন, বিদেশি, ভিন্ন ধর্মাবলম্বী, প্রগতিশীল, ব্লগার ও মুক্তচিন্তার মানুষদের হত্যার জন্য জেএমবি দেশব্যাপী যে নীলনকশা তৈরি করেছিল, তারই অংশ ছিল শিক্ষক রেজাউল হত্যাকাণ্ড।
গত ২৩ এপ্রিল রাজশাহী শহরে নিজ বাসার অদূরে খুন হন রেজাউল করিম সিদ্দিকী। বোয়ালিয়া থানার শালবাগান এলাকার নিজ
বাসায় পরিবার নিয়ে থাকতেন অধ্যাপক রেজাউল। ওই দিন সকালে বাসা থেকে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য রওনা হয়েছিলেন তিনি। পথে তাঁকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
এ ঘটনায় ওই দিন তাঁর ছেলে রিয়াসাত ইমতিয়াজ বোয়ালিয়া থানায় একটি মামলা করেন। মামলায় ১২ জনকে আটক করা হলেও তাঁদের মধ্যে আটক অবস্থায় হাফিজুর রহমান নামে একজন মারা যান।
শিক্ষক রেজাউল করিম হত্যার ঘটনায় তখন দায় স্বীকার করেছিল ইরাক ও সিরিয়াভিক্তিক আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। ঘটনার দিনই দায় স্বীকার করে দেওয়া এক বিবৃতিতে জঙ্গি সংগঠনটি বলেছিল, বাংলাদেশে নাস্তিক্যবাদের প্রতি আহ্বানের কারণেই রেজাউল করিমকে হত্যা করা হয়েছে।