ছয় মাস পর কবর থেকে লাশ উত্তোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় প্রায় ছয় মাস পর কবর থেকে রবিন খান নামের এক ব্যক্তির লাশ উত্তোলন করা হয়েছে। গতকাল বুধবার বরাটি গ্রাম থেকে তাঁর মরদেহ তোলা হয়।
পুলিশ সূত্র জানায়, গত বছরের ১৬ আগস্ট ওই গ্রামের রবিন খানের ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করা হয়। পরদিন লাশ দাফন করা হয়। ওই ঘটনায় তাঁর স্ত্রী রুবিনা বেগম হত্যার অভিযোগে একই বছরের ৯ নভেম্বর টাঙ্গাইলের আদালতে মামলা করেন। এতে রবিনের দুই ভাই আলম খান ও রুবেল খান, বোনের স্বামী আব্দুর রহমান ও একই গ্রামের আব্দুল মালেককে আসামি করা হয়।
মির্জাপুর থানার পরিদর্শক এস এম তুহিন আলী বলেন, আদালতের নির্দেশে গতকাল দুপুরে রবিন খানের লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ সময় নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত সাদমীন ও রুবিনা বেগম উপস্থিত ছিলেন।