ছয় মাস পর চেয়ারম্যান বদল!
নির্বাচন ট্রাইব্যুনালে দায়ের করা মামলায় ফলাফল ঘোষণার প্রায় ছয় মাস পর পুনঃ ভোট গণনা করা হয়। এতে দেখা যায়, মাগুরার শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিএনপি-সমর্থিত প্রার্থী মো. এনামুল হক বেশি ভোটের ব্যবধানে এগিয়ে আছেন। এর আগে ওই ইউনিয়নে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী মো. মশিয়ার রহমানকে চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হয়েছিল।এদিকে ফলাফল পরিবর্তনের খবরে দুই দিন ধরে মশিয়ার রহমানের সমর্থকেরা শ্রীপুর শহরে বিক্ষোভ, ঘেরাওসহ নানা আন্দোলন কর্মসূচি পালন করছেন। স্থানীয় লোকজন জানান, গত ৯ জুন শ্রীপুর সদর ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিয়ার রহমান ও সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. এনামুল হক চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে মশিয়ার রহমান চার হাজার ৭০২ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এনামুল হক পান চার হাজার ২৩৩ ভোট। পরে ওই ইউপির চেয়ারম্যান হিসেবে মশিয়ার রহমানের নামে প্রজ্ঞাপন জারি করা হয়। শপথ গ্রহণের পর তিনি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। কিন্তু পরাজিত প্রার্থী এনামুল হক ভোট গণনায় কারচুপির অভিযোগ এনে নির্বাচন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। ওই মামলায় গত মঙ্গলবার ট্রাইব্যুনালের বিচারক শেখ রাজিয়া সুলতানা পুনঃ ভোট গণনা করেন। এতে নির্বাচিত চেয়ারম্যান মশিয়ার রহমানের এক হাজার ৫৬টি ভোট বাতিল বলে বিবেচিত হয়। ফলে নিয়মানুযায়ী নিকটতম প্রতিদ্বন্দ্বী এনামুল হককে চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হবে। তবে আদালত গত বুধবার পর্যন্ত ওই ব্যাপারে কোনো চূড়ান্ত রায় ঘোষণা করেননি। নতুন এই ফলাফলের খবরে মশিয়ার রহমানের সমর্থকেরা মঙ্গলবার সন্ধ্যায় শ্রীপুরে বিক্ষোভ-সমাবেশ করেন। বুধবার বিক্ষোভকারীরা শ্রীপুর শহরের রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রতিবাদ সমাবেশ করেন। এ সময় শ্রীপুর শহরের অধিকাংশ দোকানপাট বন্ধ হয়ে যায়। নির্বাচনের ফলাফল পরিবর্তনের জন্য তাঁরা প্রশাসনকে দায়ী করেন।ওই ইউনিয়নে নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন মৃণাল কান্তি বিশ্বাস। তিনি বলেন, ‘আমি শ্রীপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা। নির্বাচনী ট্রাইব্যুনালে এক প্রার্থী মামলা করেন। পরে আদালতের নির্দেশে সংরক্ষিত ব্যালট পেপারগুলো নিয়ে যাওয়া হয়। এখানে আমাদের দায়িত্বে অবহেলা বা অনিয়ম-দুর্নীতির কোনো সুযোগ নেই। অথচ ওই ঘটনার জন্য আমরা তোপের মুখে আছি।’আওয়ামী লীগের নেতা মশিয়ার রহমান বলেন, ‘ফলাফল ঘোষণার এত দিন পর ফল পরিবর্তনের এই ষড়যন্ত্র আমি মেনে নেব না। আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী নয়টি কেন্দ্রের মধ্যে প্রশাসনের সহযোগিতায় দুটি কেন্দ্রের ব্যালট পেপারে আমার বৈধ ভোটে রাতের অন্ধকারে ডবল-সিল মেরে নষ্ট করা হয়েছে।’ এনামুল হক বলেন, নির্বাচনের পর ভোট গণনায় কারচুপি করে মশিয়ার রহমানকে চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হয়েছিল। জেলা নির্বাচন কর্মকর্তা মো. রোকুনুজ্জামান বলেন, ‘শুনেছি ট্রাইব্যুনালের বিচারক মঙ্গলবার ভোট পুনরায় গণনা করেন। ওই গণনায় ঘোষিত চেয়ারম্যান মশিয়ার রহমানের থেকে এনামুল হকের বৈধ ভোট বেশি। বিষয়টি সম্পূর্ণ আদালতের এখতিয়ারভুক্ত।’ শ্রীপুরের ইউএনও মিনা মাসুদ উজ্জামান বলেন, ‘মশিয়ার রহমানের সমর্থকেরা উপজেলা চেয়ারম্যানের গাড়ি ভাঙচুর করেছেন। আমার এবং নির্বাচন কর্মকর্তার কার্যালয় ঘেরাও ও ইটপাটকেল ছুড়েছেন। অথচ আমরা এ ব্যাপারে কিছুই জানি না। বিষয়টি আদালতের।’