ছয় মাস পর মায়ের কাছে হারানো ছেলে
ছয় মাস আগে হারিয়ে গিয়েছিল সে। অনেক খোঁজাখুঁজি করেও ফিরে পাননি মা-বাবা। একপর্যায়ে তাঁরা ছেলেকে ফিরে পাওয়ার আশাই ছেড়ে দেন৷ সেই ছেলেই গত বৃহস্পতিবার বাড়ি ফিরেছে। ছেলেকে ফিরে পেয়ে মা-বাবার মনে হয়েছে যেন চাঁদ হাতে পেয়েছেন৷ দলে দলে প্রতিবেশী ছুটে আসায় বাড়িতে বিরাজ করছিল উৎসবের আমেজ৷ ঘটনাটি মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালাপুর গ্রামের।
ওই ছেলের নাম জাকির হোসেন (৯)৷ সে শ্রীমঙ্গল উপজেলার কালাপুর গ্রামের দেলোয়ার হোসেন ও তাহমিনা বেগমের ছেলে৷ গত বছরের ৬ ডিসেম্বর সে চট্টগ্রাম শহর থেকে নিখোঁজ হয়েছিল৷
শিশুটির পারিবার সূত্রে জানা গেছে, জাকির গত ডিসেম্বরে মা-বাবার সঙ্গে চট্টগ্রামে ফুপুর বাসায় বেড়াতে গিয়েছিল৷ ৬ ডিসেম্বর খেলতে বাসা থেকে বের হয়ে সে পথ হারিয়ে ফেলে৷ মা-বাবা চট্টগ্রামের বিভিন্ন স্থানে তাঁকে খুঁজেছেন কিন্তু পাননি। ৭ ডিসেম্বর আরিফ হোসেন নামের এক পরিবহনশ্রমিক তাকে চট্টগ্রামের ইপিজেড এলাকায় পেয়ে থানায় নিয়ে যায়। ওই থানার পুলিশ আরিফকে অপরাজেয় বাংলাদেশ নামে একটি বেসরকারি সংস্থার কার্যালয়ে তাকে (জাকির) পোঁছে দিতে বলে।
পারিবার সূত্র আরও জানায়, ৮ ডিসেম্বর জাকিরকে অপরাজেয় বাংলাদেশের চট্টগ্রাম কার্যালয়ে পৌঁছে দেন আরিফ। ঠিকানা জানতে চাইলে সংস্থাটির কর্মকর্তাদের কাছে সে শুধু সিলেটের কালাপুর বলে একটি স্থানের নাম বলতে পারে। স্পষ্ট করে ঠিকানা বলতে না পারায় তাঁরা তাকে এত দিন তাঁদের কাছে রেখেছেন। সংস্থাটির আশরাফুল ইসলাম নামের এক কর্মী তাকে বৃহস্পতিবার সিলেট নিয়ে আসেন। কিন্তু সিলেটে কালাপুর নামে কোনো স্থানের খোঁজ পাওয়া যায়নি। পরে এক সিএনজিচালিত অটোরিকশার চালকের কাছ থেকে জানা যায় কালাপুর মৌলভীবাজার জেলায়৷
এরপর তাঁরা একটি বাসে মৌলভীবাজার রওনা দেন৷ বাসে আশরাফুলের সঙ্গে পরিচয় হয় মৌলভীবাজার শহরের সুলতানপুর এলাকার জাকারিয়া সোহেলের। জাকারিয়া সোহেল তাঁদের জানান কালাপুর গ্রাম শ্রীমঙ্গল উপজেলায়৷ পরে তিনি শ্রীমঙ্গলের কালাপুর নিয়ে গিয়ে জাকিরকে তাঁর মা-বাবার হাতে তুলে দেন।
জাকিরের মা তাহমিনা বেগম বলেন, ‘চট্টগ্রামে বোনের বাসায় বেড়াতে গিয়ে ছেলে হারিয়ে যায়। পাঁচ মাস চিটাগাং থাকছি। খুঁজে পাইনি। হারানো বাইচ্চারে পাইলে কেমন লাগে, এটা কেবল বাইচ্চার মা-ই বলতে পারবে। এত ভালো লাগছে যে তা বোঝাতে পারব না।’