ছয় মাস পার হলেও দেওয়া হচ্ছে না অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী মেডিকেল কলেজ চত্বরে ব্যবসায়ীকে হত্যা করে মাটিতে পুঁতে রাখার ঘটনার ছয় মাস অতিবাহিত হলেও এ-সংক্রান্ত মামলার অভিযোগপত্র দাখিল করা হচ্ছে না। এদিকে মামলার প্রধান আসামি সাব্বির হোসেন মাসের পর মাস জামিনে আছেন। ফলে নিহত মাহাবুব আলম রাসেলের পরিবারের সদস্যদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। তাঁরা শিগগিরই অভিযোগপত্র দাখিলের দাবি জানিয়েছেন। নাটোরের ব্যবসায়ী মাহাবুব আলম গত ৪ এপ্রিল নিখোঁজ হন। ১৫ এপ্রিল মাহাবুবের বাবা মকবুল হোসেন নাটোরের লালপুর থানায় একটি অপহরণ মামলা করেন। মামলার দুই আসামির মধ্যে জ্যোতির্ময় সরকার জয়কে র‌্যাব গ্রেপ্তার করে। জ্যোতির্ময়ের স্বীকারোক্তি অনুযায়ী ২২ এপ্রিল দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ ক্যানটিনের পেছনের নর্দমা থেকে মাহাবুব আলমের লাশ উদ্ধার করা হয়। এরপর অপহরণ মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হয়। তখন আদালতে জ্যোতির্ময় স্বীকার করেন, ঋণের টাকা আত্মসাতের জন্য তিনি ও কঙ্কাল ব্যবসায়ী বন্ধু সাব্বির হোসেন অপর বন্ধু মাহাবুব আলমকে (২৬) খুন করেন। পরে মাহাবুবের লাশ রাজশাহী মেডিকেল কলেজ ক্যানটিনের পেছনের নর্দমায় পুঁতে তার ওপর কচুগাছ লাগিয়ে দেন। বর্তমানে জ্যোতির্ময় কারাগারে রয়েছেন। কিন্তু প্রধান আসামি সাব্বির হোসেন জামিনে রয়েছেন। প্রথমে সাব্বির উচ্চ আদালত থেকে তিন মাসের জন্য জামিন নেন। গত ২৮ সেপ্টেম্বর জামিনের মেয়াদ শেষ হলে তিনি মেয়াদ বাড়িয়ে নেন। ১২ অক্টোবর আবার জামিনের মেয়াদ শেষ হলে তিনি নিম্ন আদালতে হাজিরা দেন। আবার তাঁর জামিনের মেয়াদ আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। নিহত মাহাবুব আলমের বাবা মকবুল হোসেন বলেন, ‘আমার ছেলে খুন হওয়ার পর ছয় মাস পার হয়ে গেছে। এখনো মামলার অভিযোগপত্র দেওয়া হচ্ছে না। এদিকে আসামি সাব্বির উচ্চ আদালত থেকে বারবার জামিনের মেয়াদ বাড়িয়ে নিচ্ছেন। মামলার হাজিরার দিন মাইক্রোবাস নিয়ে এসে তিনি (সাব্বির) হাজিরা দিয়ে বুক ফুলিয়ে চলে যান। ভাবলে খুব খারাপ লাগে। ভেতরে হতাশা কাজ করে।’ তিনি শিগগিরই এই মামলার অভিযোগপত্র দাখিল ও বিচারকাজ শুরু করার দাবি করেছেন।মামলার অভিযোগপত্র দিতে দেরি হওয়ার কারণ জানতে চাইলে তদন্ত কর্মকর্তা ও র‌্যাব-রাজশাহীর উপপরিদর্শক আলমগীর কবির বলেন, মামলাটি চাঞ্চল্যকর হিসেবে তালিকাভুক্ত। তাই অভিযোগপত্র দিতে হলে পুলিশ সদর দপ্তরের অনুমতি লাগবে। ১৩ অক্টোবর তিনি অনুমতির জন্য আবেদন করেছেন। অনুমতি পেলেই অভিযোগপত্র দেবেন। নিহত মাহাবুব আলমের বাড়ি নাটোরের লালপুর উপজেলার উত্তর বাঁশবাড়িয়া গ্রামে। তিনি ইলেকট্রনিক্স সামগ্রীর ব্যবসা করতেন। কারাবন্দী জ্যোতির্ময় সরকার রাজশাহী মেডিকেল কলেজের পঞ্চম ব্যাচের ছাত্র। তাঁর বাড়ি নাটোরের বাগাতিপাড়া উপজেলার নন্দিকুজা গ্রামে। অপর আসামি সাব্বির হোসেনের বাড়ি গাজীপুর জেলার কোনাবাড়ী এলাকায়। নাটোরের বাগাতিপাড়া উপজেলার স্যাপার কলেজে উচ্চমাধ্যমিক পড়ার সময় জ্যোতির্ময় সরকার ও মাহাবুব আলমের ঘনিষ্ঠতা হয়। পরে জ্যোতির্ময়ের মাধ্যমে সাব্বিরের সঙ্গে মাহাবুবের সখ্য গড়ে ওঠে। নিহত মাহাবুব বিবাহিত। তাঁর দুই বছর নয় মাস বয়সী একটি ছেলে রয়েছে।