ছয় মাস পেরোনো রায় ৪ অক্টোবরের মধ্যে দিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রায় বা আদেশ ঘোষণার পর ছয় মাস পেরিয়ে গেছে—এমন মামলার রায় বা আদেশ সই করে আগামী ৪ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট শাখায় পাঠাতে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের বলা হয়েছে। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে তিন বিচারপতির সমন্বয়ে গঠিত সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের এক সভায় ওই সিদ্ধান্ত হয়। কাউন্সিলের সভার সিদ্ধান্ত উভয় বিভাগের বিচারপতিদের অবহিত করতে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল দপ্তর থেকে চিঠি পাঠানো হয়েছে বলে গতকাল মঙ্গলবার একটি সূত্র জানিয়েছে।

বিচারপতিদের অপসারণের ক্ষমতা জাতীয় সংসদের হাতে দিতে আনা সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখে সর্বোচ্চ আদালত রায় দেন। ১ আগস্ট পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। সর্বসম্মতিতে দেওয়া রায়ে সংবিধানের ৯৬ অনুচ্ছেদের ২, ৩, ৪, ৫, ৬ ও ৭ উপ-অনুচ্ছেদ পুনর্বহাল করা হয়। রায়ে ৯৬ অনুচ্ছেদের অধীন সুপ্রিম কোর্টের বিচারপতিদের জন্য ৩৯ দফাসংবলিত একটি আচরণবিধিও প্রণয়ন করে দেওয়া হয়। আচরণবিধিতে বলা হয়, রায় বা আদেশ দেওয়ার ক্ষেত্রে বিলম্ব এড়িয়ে চলবেন। রায় দেওয়ার পর স্বাক্ষরে কোনোভাবেই ছয় মাসের বেশি সময় নেওয়া যাবে না।

সূত্র জানায়, এরপর ৬ আগস্ট প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার অফিস কক্ষে কাউন্সিলের প্রথম সভা অনুষ্ঠিত হয়। কাউন্সিলের অপর দুই সদস্য আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আবদুল ওয়াহ্‌হাব মিঞা ও বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন উপস্থিত ছিলেন।

সূত্রটি জানায়, সভায় রায় বা আদেশ ঘোষণার পর ছয় মাস পেরিয়ে গেছে এমন সব মামলার রায় বা আদেশ সই করে নথিসমূহ আগামী ৪ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট শাখায় পাঠাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের নির্দেশনা প্রদানের সিদ্ধান্ত হয়।