ছয় মাস বেতন পান না ৩৯০ নারী শ্রমিক
কুড়িগ্রামের উলিপুরে রাস্তার মাটি কাটার কাজে নিয়োজিত ৩৯০ জন নারী শ্রমিক ছয় মাস ধরে বেতন না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন। বরাদ্দ না আসায় তাঁরা বেতন-ভাতা পাচ্ছেন না বলে জানা গেছে। উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের স্থানীয় অবকাঠামো রক্ষণাবেক্ষণ প্রকল্পের (আরইআরএমপি) অধীনে উপজেলার ১৩টি ইউনিয়নে ৩৯০ জন নারী শ্রমিক কাজ করছেন। উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের আরইআরএমপি প্রকল্পের কমিউনিটি অর্গানাইজার (সিও) আবদুল আজিজ জানান, ২০০৮ সালের জুলাই মাস থেকে এসব নারী শ্রমিক ইউনিয়ন পর্যায়ে রাস্তায় মাটি কাটার কাজ করছেন। এ জন্য প্রত্যেক নারী শ্রমিককে প্রতিদিনের হাজিরায় ৫৪ টাকা নগদ দিয়ে বাকি ৩৬ টাকা সঞ্চয় হিসাবে তাঁদের ব্যাংক হিসাব নম্বরে জমা রাখা হয়। এর আগে মাসের প্রথম সপ্তাহেই বেতন দেওয়া হতো। কিন্তু বরাদ্দ না থাকায় ছয় মাস ধরে বেতন বন্ধ রয়েছে। বেতন বন্ধ থাকলেও তাঁরা নিয়মিত মাটি কাটার কাজ করছেন। উপজেলা প্রকৌশলী মিজানুর রহমান বলেন, ‘বরাদ্দ এলে তাঁদের বেতন দেওয়া হবে।’