ছয় মাস শিকলবন্দী থাকার পর মুক্তি পেলেন রাজিবুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজিবুলের পায়ের শিকল গত বৃহস্পতিবার খুলে দেন তাঁর বাবা
রাজিবুলের পায়ের শিকল গত বৃহস্পতিবার খুলে দেন তাঁর বাবা

ছয় মাস ধরে ঘরের একটি অপরিসর কক্ষে ভারী শিকল পরিয়ে তালা দিয়ে রাখা হয়েছিল রাজিবুল কবির অ্যাপোলো (৪০) নামের এক যুবককে। অবশেষে বিষয়টি বরগুনার পুলিশ সুপারকে এলাকার লোকজন অবহিত করার পর তাঁর নির্দেশে গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল গত বৃহস্পতিবার বিকেলে শহরের আমতলা পাড় এলাকার ওই বাড়ি থেকে রাজিবুলকে বন্দিদশা থেকে উদ্ধার করে।
বন্দিদশা থেকে মুক্ত হলেও জীবনের অনিশ্চয়তা কাটেনি তাঁর। কোথায় থাকবেন, কী খাবেন, কী দিয়ে চিকিৎসা করাবেন—সবকিছুই এখন অনিশ্চিত রাজিবুলের জীবনে। তিনি এখন দ্বারে দ্বারে ঘুরছেন গভীর অনিশ্চয়তা নিয়ে। গতকাল শুক্রবার দুপুরে এই প্রতিবেদকের কথা হয় রাজিবুলের সঙ্গে। ছয় মাস বন্দিদশা ও খাওয়াদাওয়া–গোসল কিছুই ঠিক না থাকায় রোগা হয়ে যাওয়া রাজিবুল কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমাকে জোর করে ছয় মাস ধরে আটকে রেখেছে আমার পরিবারের সদস্যরা। ভারী ভারী শিকল আমার পায়ে দিয়ে তালা মেরে রেখেছিল। আমার কোনো স্বাধীনতা ছিল না। এখন মুক্ত হতে পেরে নিজেকে স্বাধীন মনে হচ্ছে। বাবা এবং ভাইয়ের প্রতি আমার কোনো আস্থা নেই। একটা অসৎ উদ্দেশ্যে এটা করা হয়েছে। যারা আমার ওপর এমন নির্দয় আচরণ করেছে, তাদের ওপর আমি আস্থা রাখব কিভাবে!’
বরগুনা জিলা স্কুলের একসময়ের মেধাবী ছাত্র রাজিবুল ১৯৯২ সালে এসএসসিতে বিজ্ঞান বিভাগে স্টার মার্কসসহ উত্তীর্ণ এবং বরগুনা সরকারি কলেজ থেকে এইচএসসিতে প্রথম বিভাগ পরে বরিশাল বিএম কলেজ থেকে দর্শন বিষয়ে স্নাতক ও এরপর ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণিতে স্নাতকোত্তর পাস করেন।
প্রতিবেশীরা জানান, কয়েক বছর ধরে রাজিবুল মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন হয়ে পড়েন। এরপর তাঁকে বিভিন্ন সময় পরিবারের পক্ষ থেকে চিকিৎসা করানো হয়। বছর খানেক আগে তাঁকে পাবনা মানসিক হাসপাতালে রাখা হয়। সুস্থ হলে তাঁকে বাড়িতে আনা হয়। ছয় মাস আগে বাবা ও ভাই মিলে চারটি শিকল দিয়ে রাজিবুলকে তালাবদ্ধ অবস্থায় বন্দী করে রাখেন।
বৃহস্পতিবার বরগুনার পুলিশ সুপারের নির্দেশে ডিবি পুলিশ রাজিবুলকে মুক্ত করে। এ সময় রাজিবুলকে আর বেঁধে না রাখা ও উন্নত চিকিৎসা করানোর বিষয়ে অঙ্গীকারে স্বাক্ষর নেওয়া হয় তাঁর বাবার কাছ থেকে। রাজিবুলের পরিবার তাঁকে মানসিক ভারসাম্যহীন ও অসুস্থ দাবি করলেও মুক্ত হওয়ার পর তিনি সবার সঙ্গে স্বাভাবিক আচরণ করছেন।
রাজিবুলের বড় ভাই বরগুনা জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক রেজাউল কবির বলেন, রাজিবুলকে অনেকবার চিকিৎসা করানো হয়েছে। তাতেও তিনি সুস্থ হননি। ইতিমধ্যে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ভারতে নেওয়ার জন্য পাসপোর্ট করা হয়েছে। তবে পরিবারের সবার ওপর অত্যাচার করার কারণে তাঁকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে।
বরগুনার পুলিশ সুপার বিজয় বসাক বলেন, ‘মানসিকভাবে যে কেউ অসুস্থ হতে পারে। তাই বলে কাউকে এভাবে শিকল দিয়ে বেঁধে রাখা খুবই অমানবিক কাজ। রাজিবুলের বাবার কাছ থেকে মুচলেকা নিয়ে দ্রুত উন্নত চিকিৎসার জন্য পরিবারের সবাইকে পরামর্শ দেওয়া হয়েছে। তবে এভাবে বেঁধে রাখার পেছনে যদি অন্য কোনো উদ্দেশ্য থাকে, তাহলে সে ব্যাপারে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।’