প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত ছয় মাসে ১৭ জন আদিবাসী নারী ও কিশোরী ধর্ষণ ও গণধর্ষণের শিকার হয়েছে। চারজনকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে, আর যৌন হয়রানির শিকার হয়েছে দুজন। তিন পার্বত্য জেলাসহ চট্টগ্রাম ও দিনাজপুরে এসব ঘটনা ঘটেছে। আদিবাসী নারীদের ওপর সহিংসতার এই চিত্র তুলে ধরে গভীর উদ্বেগ প্রকাশ করেছে মানুষের জন্য ফাউন্ডেশন এবং এর ১০৬টি অঙ্গসংগঠন।পার্বত্য এলাকায় কর্মরত সহযোগী সংগঠনগুলোর পাঠানো তথ্য অনুযায়ী, সহিংসতার শিকার এসব নারীর অধিকাংশেরই বয়স ১৪ থেকে ২৫। অভিযুক্তদের বিরুদ্ধে মামলা হলেও কেউ কেউ রাজনৈতিক দলের ও বিশেষ বাহিনীর সদস্য হওয়ায় তাঁদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। দোষী ব্যক্তিদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণের জন্য মানুষের জন্য ফাউন্ডেশন ও এর সহযোগী সংগঠনগুলো দাবি জানিয়েছে। বিজ্ঞপ্তি।