ছয় মাসে নিষ্পত্তির কথা হয়নি দুই বছরেও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনী হলফনামায় মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মন্জুর আলমের বিরুদ্ধে এ বি এম মহিউদ্দিন চৌধুরীর করা মামলা ছয় মাসের মধ্যে নিষ্পত্তির কথা। কিন্তু দুই বছরেও এই মামলার শুনানি শেষ হয়নি। কবে শেষ হবে, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন আইনজীবীরা।২০১০ সালের ১৮ জুলাই সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীর পক্ষে তাঁর ছেলে চৌধুরী মহিবুল হাসান মামলাটি করেন। মামলাটি বর্তমানে তৃতীয় অতিরিক্ত জজ আদালতে বিচারাধীন রয়েছে। এই বিচারক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের (এডিএম) সমন্বয়ে নির্বাচনী আপিল ট্রাইব্যুনাল গঠিত। কিন্তু এ আদালতে বিচারক না থাকায় দ্বিতীয় অতিরিক্ত জজ আদালতের বিচারক ওই আদালতেরও বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন।আদালত সূত্র জানায়, আদালতের নিজস্ব বিচারক না থাকায় মামলাটির শুনানি হচ্ছে না। মামলা হওয়ার পর মন্জুর আলমের পক্ষে তা বাতিলের আবেদন করা হয়। গত ২৩ জুন সেই সময়ের তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ বিকাশ শর্মা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এম এ এইচ হুমায়ুন কবীরের বেঞ্চ আপিল আবেদনটি খারিজ করে দেন। এরপর মামলা পরিচালনায় আর কোনো বাধা ছিল না। তবে সংশ্লিষ্ট আদালতের বিচারক না থাকায় মামলার তারিখ কেবলই পেছাচ্ছে। মামলার সর্বশেষ শুনানির দিন নির্ধারতি ছিল ৫ সেপ্টেম্বর। সেদিনও একই কারণে শুনানি হয়নি।মামলা প্রসঙ্গে মেয়র মন্জুর আলম প্রথম আলোকে বলেন, মামলার জন্য আইনজীবী নিয়োগ করা আছে। প্রতি মাসে তাঁদের ফি দিচ্ছি। তাঁরাই বিষয়টি দেখভাল করছেন। ২০১০ সালের ১৭ জুন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে এ বি এম মহিউদ্দিন চৌধুরীকে পরাজিত করে মেয়র নির্বাচিত হন মন্জুর আলম। নির্বাচনের পরদিন অর্থাৎ ১৮ জুন মহিউদ্দিন চৌধুরী মন্জুর আলমকে প্রধান আসামি এবং অন্য মেয়রপ্রার্থীদের আসামি করে আদালতে মামলা করেন। মামলার এজাহারে বলা হয়, নির্বাচনী হলফনামায় মন্জুর আলম মিথ্যা তথ্য দিয়েছেন। তাঁর বিরুদ্ধে বিদ্যুৎ চুরির দায়ে উন্নয়ন বোর্ডের (পিডিবি) করা মামলায় জরিমানা দেওয়ার কথা হলফনামায় উল্লেখ করা হয়নি।জানা যায়, ইতিপূর্বে মেয়র মোহাম্মদ মন্জুর আলম নির্বাচনী ট্রাইব্যুনালের আদেশের বিরুদ্ধে আপিল করেন। কিন্তু আদালত সেই আপিল খারিজ করে দেন। মহিউদ্দিন চৌধুরীর আইনজীবী ইফতেখার সাইমুল চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘মামলার যে দালিলিক প্রমাণ, তাতে রায় আমাদের পক্ষে না আসার কোনো কারণ নেই। কিন্তু বারবার চেষ্টা সত্ত্বেও শুনানি হচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি, এর পেছনে কোনো এক অশুভ শক্তি কাজ করছে। আমার সন্দেহ, মেয়র নিজেও এই অশুভ শক্তির পেছনে রয়েছেন।’মন্জুর আলমের আইনজীবী এফ ইউ এম নুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘মামলার শুনানির জন্য আমরা প্রস্তুত। কিন্তু দেখা যায় যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নেই, নয়তো বিচারক নেই। মামলাটি বর্তমানে তৃতীয় অতিরিক্ত জজ আদালতে বিচারাধীন। সেখানে বিচারক না থাকায় দ্বিতীয় অতিরিক্ত জজ আদালতের বিচারক ওই আদালতের বিচারক। এ ধরনের বিচারে অনেক ক্ষেত্রে দেখা যায়, ভারপ্রাপ্ত বিচারক জটিল মামলাগুলো নিষ্পত্তি করতে চান না।’ ছয় মাসের মধ্যে মামলা নিষ্পত্তির ব্যাপারে তিনি বলেন, আইনে আছে। কিন্তু নিষ্পত্তি না হলে কী হবে, তা লেখা নেই।