ছয় মাসে প্রথম আলোর ছয়জনকে নির্যাতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বিভিন্ন স্থানে ছয় মাসে প্রথম আলোর ছয়জন প্রতিনিধি সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। তাঁদের বেশির ভাগই ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা-কর্মীদের হাতে নির্যাতিত হন। তাঁদের মধ্যে যশোরের অভয়নগর প্রতিনিধি ও রংপুরের তারাগঞ্জ প্রতিনিধি গুরুতর আহত হয়েছেন।যন্ত্রণায় কাতরাচ্ছেন মাসুদ আলম: গত ২৮ মার্চ সন্ত্রাসীরা যশোরের অভয়নগর উপজেলার সুন্দলী ইউনিয়নের ধোপাদী গ্রামের উলুরবটতলায় প্রথম আলোর অভয়নগর প্রতিনিধি মাসুদ আলমকে পিটিয়ে বাঁ হাত ভেঙে দেয়। বেধড়ক পিটিয়ে শরীরের বিভিন্ন জায়গা থেঁতলে দেয়। ঢাকার বারডেম হাসপাতালে তাঁর হাতে অস্ত্রোপচার করা হয়েছে। এখনো তিনি যন্ত্রণায় কাতরাচ্ছেন। তাঁর চিকিৎসা চলছে।এ ঘটনায় মাসুদের ভাই নূর আলম থানায় মামলা করেন। কিন্তু মামলার তদন্ত থেমে গেছে। প্রধান আসামি সুন্দলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পরিতোষ বিশ্বাসকেও পুলিশ গ্রেপ্তার করছে না। সালেহর ওপর হামলার পর মামলা: ২৬ মার্চ উপজেলা প্রশাসনের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আওয়ামী লীগ-যুবলীগের হামলার শিকার হন প্রথম আলোর সুনামগঞ্জের ধরমপাশা উপজেলা প্রতিনিধি সালেহ আহমদ। তিনি পরদিন হামলার নেতৃত্বে থাকা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর কবীরসহ সাতজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেন। কিন্তু পুলিশ সেটি মামলা হিসেবে নথিভুক্ত না করায় ১ এপ্রিল আদালতে মামলা করা হয়। এই মামলায় আসামিরা জামিনে আছেন। ৪ এপ্রিল আলমগীর কবীর তাঁর মামাতো ভাই জীবন মিয়াকে দিয়ে থানায় একটি চাঁদাবাজির মামলা করান। এতে সালেহ আহমদ ও তাঁর ছোট ভাই শামীম আহমদসহ ১২ জনকে আসামি করা হয়েছে। এ মামলাটি তদন্তাধীন। ৭ মে আদালতে মামলার দিন ধার্য রয়েছে। ১৯ ফেব্রুয়ারি ধরমপাশায় উদীচী শিল্পীগোষ্ঠীর অনুষ্ঠানে আলমগীর কবীরের নেতৃত্বে হামলা চালানো হয়। এ ঘটনার খবর প্রথম আলোসহ বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়।তদন্ত প্রতিবেদন নেই, মামলা তুলে নিতে চাপ: প্রথম আলোর মাদারীপুরের কালকিনি উপজেলা প্রতিনিধি খায়রুল আলমের ওপর হামলার পর প্রায় ছয় মাস চলে গেলেও পুলিশ তদন্ত প্রতিবেদন দেয়নি। ১০ নভেম্বর কালকিনি পৌর আওয়ামী লীগের সভাপতি কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের সহকারী অধ্যাপক দেলোয়ার হোসেন ও তাঁর সমর্থকদের হামলায় খায়রুল আলম গুরুতর আহত হন। টিআরের চাল আত্মসাৎ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কার্যালয় দখলসহ দুর্নীতি ও অনিয়মের অভিযোগে দেলোয়ারের বিরুদ্ধে কয়েকটি প্রতিবেদন প্রথম আলোয় প্রকাশিত হয়। খায়রুল আলম বলেন, ‘দীর্ঘদিন অতিবাহিত হলেও মামলার তদন্ত প্রতিবেদন দেওয়া হচ্ছে না। মামলা তুলে নেওয়ার জন্য আমার ওপর রাজনৈতিক নেতারা চাপ প্রয়োগ করছেন।’কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জি এম শামচুর নূর বলেন, মামলার তদন্ত চলছে। তদন্ত শেষে প্রতিবেদন দেওয়া হবে।রহিদুল সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেননি: পেশাগত দায়িত্ব পালনকালে আহমদিয়া-বিরোধীদের হামলায় আহত প্রথম আলোর রংপুরের তারাগঞ্জ প্রতিনিধি রহিদুল ইসলাম মিয়া এখনো সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেননি।রহিদুল বলেন, ‘গত ৭ নভেম্বর হামলার শিকার হওয়ার পর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ১৩ দিন চিকিৎসা নিয়ে আমি বাড়িতে ফিরি। এখনো শক্ত খাবার খেতে পারি না। দাঁত কিছুটা আঁকাবাঁকা হয়ে গেছে। এতে শিরশিরসহ ব্যথা করে। এ যন্ত্রণা আজীবন আমাকে বয়ে বেড়াতে হবে। কিন্তু কষ্ট লাগে পুলিশ এখন পর্যন্ত হামলাকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি।’তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ‘রহিদুল মিয়া লিখিত অভিযোগ না দেওয়ায় কারও বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া যায়নি।’ এ ছাড়া ২৩ নভেম্বর লক্ষ্মীপুরে জমি দখলের ছবি তুলতে গেলে লক্ষ্মীপুর প্রতিনিধি এম জে আলমকে মারধর করেন পৌরসভার মেয়র আবু তাহের। ২৭ সেপ্টেম্বর মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার নওগাঁও গ্রামে তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন আব্দুল মোমিনসহ চার সাংবাদিক। [প্রতিবেদন তৈরি করেছেন খলিল রহমান, সুনামগঞ্জ; মনিরুল ইসলাম, যশোর; জহিরুল ইসলাম খান, মাদারীপুর; আলতাফ হোসেন, বদরগঞ্জ]