ছয় মাসে ফেরি ৯৫ বার বিকল
পিরোজপুরে ফেরি সার্ভিসের বেহাল দশা। ফেরিগুলোর ইঞ্জিন ও কন্ট্রোল প্যানেলে ত্রুটি রয়েছে। ফেরিতে ওঠার পন্টুন ও গ্যাংওয়ে ভাঙাচোরা। এতে প্রায়ই ফেরি বিকল হয়ে যাচ্ছে। তা ছাড়া ফেরি পারাপারে বেশি সময় লাগছে। গত ছয় মাসে জেলার তিনটি নদীতে চলাচলকারী পাঁচটি ফেরি মোট ৯৫ বার বিকল হয়েছে।
সড়ক ও জনপথ বিভাগের পিরোজপুর কার্যালয় সূত্রে জানা গেছে, পিরোজপুর-পাথরঘাটা সড়কের চরখালীর কচা নদীতে দুটি, পিরোজপুর-বরিশাল সড়কের বেকুটিয়ায় একই নদীতে আরও দুটি, পিরোজপুর-স্বরূপকাঠি সড়কের আমড়াজুড়িতে গাবখান নদের ওপর একটি ফেরি চলাচল করে। এসব ফেরি, ফেরিতে ওঠার পন্টুন এবং গ্যাংওয়ে তদারকির দায়িত্ব বরিশাল ফেরি বিভাগের।
সড়ক বিভাগ পিরোজপুরের উপসহকারী প্রকৌশলী আতিকুর রহমান জানান, জেলার বিভিন্ন নদীতে যেসব ফেরি চলাচল করছে তার সবগুলোর অবস্থাই খারাপ। চরখালী ও বেকুটিয়ার ফেরির খোন্দলে ফাটল এবং ডেকে ছিদ্র রয়েছে। এসব ছিদ্র ও ফাটল দিয়ে পানি ঢোকে।
বেকুটিয়া ও চরখালী ফেরির ইজারাদারের প্রতিনিধি আজমির হোসেন জানান, ফেরির ত্রুটি থাকার কারণে গত ছয় মাসে বেকুটিয়া ফেরি অন্তত ৫০ বার ও চরখালী ফেরি ৩০ বার বিকল হয়েছে। একবার বিকল হলে তা মেরামত শেষে চালু করতে অন্তত দুই দিন বা কখনো এর বেশি সময় লাগে।
আমড়াজুড়ি ফেরির ইজারাদার আকবর হোসেন বলেন, ‘গত ছয় মাসে ফেরিটি ১৫ বার বিকল হয়েছে। ফেরির যে হাল তাতে আর লাভের মুখ আর দেখতে পারব না।’
ফেরি বিভাগ বরিশাল কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী হাবিবুর রহমান জানান, ১৫ বছর ধরে দেশে নতুন ফেরি তৈরি হচ্ছে না। এ কারণে পুরোনো ফেরি জোড়াতালি দিয়ে চালানো হচ্ছে। তিনি বলেন, বেকুটিয়া ও চরখালীতে একটি করে ৩১৫ অশ্বশক্তির ও একটি করে ১৯০ অশ্বশক্তির ফেরি আছে। সংশ্লিষ্ট ঠিকাদারেরা তেল সাশ্রয়ের জন্য দ্রুতগতিসম্পন্ন ৩১৫ অশ্বশক্তির ফেরি ব্যবহার করেন। এ কারণে একটি ফেরির ওপর বেশি চাপ পড়ে এবং ফেরিটি প্রায়ই বিকল হয়ে যায়।
হাবিবুর রহমান বলেন, পিরোজপুরের বেকুটিয়ায় একটি গ্যাংওয়ে ও একটি পন্টুন তিন মাস আগে বরাদ্দ করা হয়েছে। কিন্তু পিরোজপুর সড়ক বিভাগের কর্মকর্তারা এগুলো নিয়ে প্রতিস্থাপন করছেন না। সড়ক বিভাগ পিরোজপুরের নির্বাহী প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল বলেন, পন্টুন ও গ্যাংওয়ে স্বল্পসময়ের মধ্যে এনে প্রতিস্থাপন করা হবে।