এ বছরের প্রথম ছয় মাসে দেশে ১৯৬টি রাজনৈতিক সহিংসতায় ২৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন তিন হাজার ৫১৪ জন। জানুয়ারি থেকে জুন মাসের মধ্যে মানবাধিকার লঙ্ঘনের সংখ্যাগত প্রতিবেদনে এ তথ্য দিয়েছে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক)। এদিকে রাজনৈতিক ও নির্বাচনী সহিংসতা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে মানবাধিকার সংগঠন অধিকার। সংগঠনটি হরতাল বা রাজনৈতিক কর্মসূচি পালনে বাধা দিতে ভ্রাম্যমাণ আদালত নামানো অবিলম্বে বন্ধ করারও প্রস্তাব দিয়েছে। গতকাল শুক্রবার প্রকাশিত অধিকারের প্রতিবেদনে বলা হয়, ২০১১ সালের প্রথম ছয় মাসে রাজনৈতিক সহিংসতা অব্যাহত ছিল। তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টিকে কেন্দ্র করে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার ও প্রধান বিরোধী দল বিএনপি মুখোমুখি অবস্থান নিয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি ৫ জুন সকাল-সন্ধ্যা এবং ১২ ও ১৩ জুন ৩৬ ঘণ্টা হরতালের ডাক দেয়। হরতাল চলাকালে ঢাকাসহ সারা দেশের বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকার-সমর্থিত রাজনৈতিক কর্মীদের সঙ্গে হরতাল-সমর্থকদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। ৫ জুন সকাল-সন্ধ্যা হরতালের সময় প্রায় ১০০ জন সমর্থক আহত হন। পুলিশ প্রায় ৪০ জনকে গ্রেপ্তার করে। হরতালের আগের দিন অর্থাৎ ৪ ও ১১ জুন হরতাল-সমর্থকেরা যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। অধিকার তাদের প্রতিবেদনে নিরীহ পথচারীদের গ্রেপ্তার ও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিক সাজা দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে।মানবাধিকার সংগঠন আসকের প্রতিবেদনে বলা হয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে বা ক্রসফায়ারে গত ছয় মাসে ৫৭ জন মারা গেছেন। এর মধ্যে র্যাবের ক্রসফায়ারে ১৯ জন, পুলিশের ক্রসফায়ারে সাতজন, র্যাব ও পুলিশের ক্রসফায়ারে তিনজন এবং র্যাব ও কোস্টগার্ডের ক্রসফায়ারে দুজন মারা যান। প্রতিবেদনে আরও বলা হয়, এ সময় ১০৩ জন সাংবাদিক বিভিন্নভাবে নির্যাতনের শিকার হন। খুন হয়েছেন দুই সাংবাদিক। সংবাদ প্রকাশের জন্য ১৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ছাড়া সীমান্ত এলাকায় সংঘর্ষে ১৪ জন গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। প্রতিবেদন অনুসারে, প্রথম ছয় মাসে ৩১১ জন নারী ধর্ষণের শিকার হয়েছেন। ধর্ষণের পর হত্যা করা হয়েছে ৫৫ জনকে।