ছয় মাসে সব ক্যাডারের তথ্যভান্ডার প্রস্তুত হবে
আগামী ছয় মাসের মধ্যে সব ক্যাডারের কর্মকর্তাদের তথ্যভান্ডার (ডেটাবেইস) প্রস্তুতের কাজ শেষ করবে জনপ্রশাসন মন্ত্রণালয়। ইতিমধ্যে এ কাজ শুরু হয়েছে।গতকাল রোববার সংসদ ভবনে জনপ্রশাসন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। জনপ্রশাসনসচিব ইকবাল মাহমুদ কমিটির সভায় সাংসদদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।সভায় কমিটির সভাপতি খন্দকার আসাদুজ্জামানের সভাপতিত্বে কমিটির সদস্য জাতীয় সংসদের চিফ হুইপ আবদুস শহীদ, বরকত উল্লাহ, এইচ এন আশিকুর রহমান, এ বি এম গোলাম মোস্তফা, জাহানারা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় জনপ্রশাসনসচিব ইকবাল মাহমুদ, সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব ভীম চরণ রায়সহ সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।বৈঠক শেষে কমিটির সভাপতি খন্দকার আসাদুজ্জামান সাংবাদিকদের জানান, জনপ্রশাসনে সব কর্মকর্তা-কর্মচারীর তথ্যভান্ডার করা হবে। এর প্রথম পর্যায়ে ক্যাডারগুলোর তথ্যভান্ডারের কাজ শুরু হয়েছে। তিনি আরও জানান, বর্তমান যুগে তথ্যভান্ডার ছাড়া একটি জনপ্রশাসন কল্পনা করা যায় না।সভায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, ইতিমধ্যে ২১টি ক্যাডারের কর্মকর্তাদের তথ্য ডেটাবেইসে অন্তর্ভুক্তির কাজ শুরু হয়েছে। বাকি সাতটি ক্যাডারের তথ্য ডেটাবেইসে অন্তর্ভুক্তির কাজও শিগগির শুরু হবে। এ ডেটাবেইসের কাজ শেষ হলে যেকোনো মুহূর্তে কর্মকর্তাদের সম্পর্কে সব ধরনের তথ্য সহজে দেওয়া সম্ভব হবে। জানা গেছে, সভায় ২৮তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে নন-ক্যাডার পদে নিয়োগ ত্বরান্বিত এবং মুক্তিযোদ্ধা সন্তান কোটা ও সিভিল সার্ভিস অ্যাক্ট-২০১০-এর খসড়া নিয়েও আলোচনা হয়।