
চট্টগ্রাম নগরের সরাইপাড়া ওয়ার্ডের ঝরনাপাড়া এলাকার নবী চৌধুরী সওদাগর সড়কে কোনো ডাস্টবিন নেই। এতে এলাকার বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনা ছড়িয়ে-ছিটিয়ে থাকে। নিয়মিত ময়লা পরিষ্কার এবং একটি ডাস্টবিন স্থাপনের ব্যবস্থা নেওয়ার জন্য চট্টগ্রাম সিটি করপোরেশনের কল সেন্টারে (হান্টিং নম্বর ১৬১০৪) ফোন করেন স্থানীয় বাসিন্দা আলী আজগর। অভিযোগের দুদিন পার হওয়ার পরও সিটি করপোরেশনের পক্ষ থেকে এখনো কোনো প্রতিকার পাননি তিনি।
কল সেন্টারে ফোন করে অভিযোগের সুরাহা না পেয়ে কিছুটা হতাশ ব্যবসায়ী আলী আজগর। তিনি বলেন, ময়লা-আবর্জনার দুর্গন্ধের কারণে হাঁটা যায় না। অনেক আশা নিয়ে তিনি কল সেন্টারে ফোন করে জানিয়েছিলেন। কিন্তু এখনো কাজ হয়নি।
তবে বিপরীতও আছে। নগরের কালামিয়া বাজার এলাকার বাসিন্দা আক্তার ইসলাম চৌধুরী গত ১৮ অক্টোবর বেলা আড়াইটায় কল সেন্টারে ফোন করে জানান, তাঁদের বাসার ময়লা নিয়মিত নিচ্ছিলেন না পরিচ্ছন্নতাকর্মীরা। ফোন করার পর এই সমস্যা দূর হয়েছে।
আজগর ও আক্তার ইসলামের মতো ১ হাজার ৪৪৪ জন গত সোয়া ছয় মাসে চট্টগ্রাম সিটি করপোরেশনের কল সেন্টারে ফোন করেছেন। গত ২৪ এপ্রিল পরীক্ষামূলকভাবে এই কল সেন্টার চালু করা হয়। এরপর ২৬ অক্টোবর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় সেন্টারটি। উদ্বোধনের পর গত এক সপ্তাহে এ সেন্টারে কল এসেছে ৯৮টি। এই কল সেন্টারে ফোন করে নাগরিক সেবা সম্পর্কিত যে কোনো তথ্য পাওয়া যাচ্ছে। একই সঙ্গে সেবা নিয়ে কোনো অভিযোগ বা পরামর্শ থাকলে সেটিও সিটি করপোরেশনকে জানাতে পারছেন নাগরিকেরা। এর আগে সবচেয়ে বেশি অভিযোগ এসেছে নগরের বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে। তবে অভিযোগের সংখ্যা জানাতে পারলেও প্রতিকারের সংখ্যাটি জানাতে পারেনি করপোরেশন।
তথ্যপ্রযুক্তিবিষয়ক বেসরকারি প্রতিষ্ঠান ‘হ্যালো ওয়ার্ল্ড’ সিটি করপোরেশনের কল সেন্টার স্থাপনে কারিগরি সহায়তা দিয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১১টা পর্যন্ত এই সেন্টারে যে কেউ ফোন করতে পারেন।
সিটি করপোরেশনের কল সেন্টার থেকে প্রাপ্ত গত এক সপ্তাহের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, নগরের বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে সবচেয়ে বেশি কল এসেছে। উদ্বোধনের পর আসা ৯৮টি কলের মধ্যে ২৩টিই ছিল নগরের ময়লা-আবর্জনা নিয়ে। এরপর ২২ জন ফোন করেন নগরের বিভিন্ন এলাকার নালা-নর্দমা নিয়মিত পরিষ্কার করার জন্য। এ ছাড়া নগরের বেহাল সড়ক দ্রুত সংস্কারের অনুরোধ জানিয়ে কল দিয়েছেন ১৯ ব্যক্তি। সড়কবাতি স্থাপন ও সংস্কারের জন্য কল এসেছে ১০টি। বেওয়ারিশ কুকুরের উৎপাত বন্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ফোন করেন ছয়জন। সিটি করপোরেশনের প্রস্তাবিত গৃহকর কমানোর অনুরোধ জানিয়ে ফোন করেন ছয়জন।
নগরবাসীর কাছ থেকে পাওয়া অভিযোগ বা পরামর্শগুলোর বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হয়েছে সে বিষয়ে কোনো তথ্য-উপাত্ত সিটি করপোরেশনের কাছে পাওয়া যায়নি। তবে সিটি করপোরেশনের মেয়রের দাবি, অধিকাংশ অভিযোগের সুরাহা করেছেন তাঁরা।
এ বিষয়ে মেয়র আ জ ম নাছির উদ্দীন প্রথম আলোকে বলেন, কল সেন্টার চালু হওয়ার পর থেকে তাঁরা সবচেয়ে বেশি অভিযোগ পেয়েছেন ময়লা-আবর্জনা নিয়ে। এরপর সড়কবাতি ও রাস্তাঘাট নিয়ে কিছু অভিযোগ পাওয়া গেছে। নগরবাসীর এসব অভিযোগ সমাধানে সিটি করপোরেশন আন্তরিক।
এ ছাড়া ট্রেড লাইসেন্স, জন্মনিবন্ধন সনদ, পদচারী-সেতু চালু, সড়কে পণ্যসামগ্রী রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি, মশা নিধনের অনুরোধসহ বিভিন্ন বিষয়েও কল সেন্টারে ফোন করছেন নগরবাসী। তবে নগরবাসীর কাছ থেকে প্রত্যাশা অনুযায়ী সাড়া পাওয়া যাচ্ছে না বলে জানান সিটি করপোরেশনের সচিব মোহাম্মদ আবুল হোসেন। তিনি প্রথম আলোকে বলেন, কল সেন্টারে যাতে বেশি ফোন আসে সে জন্য সিটি করপোরেশনের সব বিজ্ঞপ্তি ও বিজ্ঞাপনে কল সেন্টারের নম্বর দিয়ে দেওয়া হবে।
নগরবাসীর অভিযোগের সুরাহা প্রসঙ্গে সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা শফিকুল মান্নান সিদ্দিকী প্রথম আলোকে বলেন, বর্জ্য ব্যবস্থাপনা-সংক্রান্ত অভিযোগগুলো সমাধানের জন্য একটি সেল রয়েছে। অধিকাংশ অভিযোগই দ্রুত নিষ্পত্তি করা হয়। লোকবল ও সময়ের অভাবের কারণে হয়তো দু-একটি সমস্যা সমাধান করা যায় না।
করপোরেশনের কল সেন্টারের কর্মীরা জানান, কল সেন্টারে আসা অভিযোগ বা পরামর্শ সংশ্লিষ্ট বিভাগের প্রধান ও দায়িত্বশীলদের ই-মেইল ও ফোন করে জানিয়ে দেওয়া হয়। তাঁরাই সমস্যা নিরসনে ব্যবস্থা নেন।