ছয় মাসে সড়কের ১৫ হাজার গাছ সাবাড়
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় সরকারি সড়ক ও গ্রাম্য এলাকার কাঁচা রাস্তার পাশ থেকে অবাধে গাছ কাটা হচ্ছে। গত ছয় মাসে এসব সড়ক ও রাস্তার দুই পাশ থেকে প্রায় ১৫ হাজার গাছ কেটে নেওয়া হয়েছে। ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান থেকে শুরু করে রাজনৈতিক দলের নেতা-কর্মী ও স্থানীয় দুর্বৃত্তরা গাছ কাটার সঙ্গে জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, সড়ক ও জনপথ এবং স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) অধীন পাঁচবিবি-কামদিয়া, পাঁচবিবি-বারোকান্দ্রি, পাঁচবিবি-শালপাড়া, পাঁচবিবি-হিলি, পাঁচবিবি-জয়পুরহাট আন্তজেলা সড়ক, পৌর এলাকাসহ আটটি সড়কের দুই পাশের গাছ প্রতিদিন কেটে নিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা। দিনের বেলায় গাছ কাটা কম হলেও গভীর রাতে চলে ইউক্যালিপটাস, আকাশমণি, শিশুগাছ, রেইনট্রিসহ বিভিন্ন প্রজাতির গাছ কাটার মহোৎসব। এসব গাছ ভ্যান, ট্রাক, শ্যালো ইঞ্জিনচালিত যান, নছিমনসহ বিভিন্ন যানবাহনে করে রাতের আঁধারে ইটভাটায় ও করাত কলে নিয়ে যাওয়া হচ্ছে। সরেজমিনে দেখা গেছে, সরকারি বিভিন্ন রাস্তার পাশ থেকে কোথাও দুটি, কোথাও চারটি, কোথাও বা একই স্থান থেকে ১০ থেকে ১২টি পর্যন্ত গাছ কাটা হয়েছে। এলাকাবাসী জানায়, পাঁচবিবির শতাধিক রাস্তা থেকে গত বছরের ডিসেম্বর থেকে চলতি মাস পর্যন্ত প্রায় ১৫ হাজার গাছ নিধন করা হয়েছে। এসব কাটা গাছের গোড়ায় গর্ত করে দিনমজুরেরা কেটে নিয়ে যাচ্ছে। এলজিইডির স্থানীয় কার্যালয়, ইউনিয়ন পরিষদ ও এলাকাবাসী সূত্রে এ কাজে জড়িত ব্যক্তিদের নাম জানা গেছে। তাঁরা হলেন ধরঞ্জি ইউনিয়নের আতোয়ার রহমান, আলীম, খোকন; কুসুম্বা ইউনিয়নের গোবিন্দপুরের মিঠু, সাইফুল ইসলাম; হাঁটুভাঙ্গার মোলাইন, মাধাইনগরের আইয়ুব আলী, শালাইপুরের সাইফুল, ইসমাইল, আবদুল খালেক, মনির উদ্দিন, ফারুক, ফজলার, গাফফার, বাবু মিয়া, মনসুর ও আবু তাহের। পাঁচবিবি উপজেলা প্রকৌশলী আ. সাত্তার জানান, ‘রাতে অবাধে গাছ কেটে নিয়ে গেলে আমাদের করার কিছু নেই।’ আয়মা রসুলপুর ইউপির সদস্য মজিবুর রহমান ও নবাব আলী জানান, তাঁরা গাছ কাটার অভিযোগে একই ইউপির চেয়ারম্যান রুহুল আমিনের বিরুদ্ধে কয়েক মাস আগে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেন। ওই সময় এ ঘটনায় ইউএনও একটি তদন্ত কমিটিও গঠন করেন। তৎকালীন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা সামসুদ্দিন আহমেদকে তখন এ তদন্তের দায়িত্ব দেওয়া হয়। কিছু দিন আগে উপজেলার তৎকালীন ওই পরিসংখ্যান কর্মকর্তা (বর্তমানে অবসর প্রস্তুতিকালীন ছুটিতে) সামসুদ্দিন আহমেদ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে গাছ কাটার অভিযোগের সত্যতা পাওয়ার কথা নিশ্চিত করেছেন। বালিঘাটা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধেও গাছ কেটে বাড়ির আসবাব তৈরি করার অভিযোগ করেছে এলাকাবাসী। ওই ইউপির চেয়ারম্যান আবুল হোসেন জানান, ‘এতে কোনো চেয়ারম্যান বা মেম্বার জড়িত নন, তবে কিছু সংঘবদ্ধ দুর্বৃত্ত গাছ কাটার সঙ্গে জড়িত।’ আটাপুর ইউনিয়নের চেয়ারম্যান আ স ম সামছুল আরেফিন চৌধুরী বলেন, ‘মহীপুরে খড়ির আড়তে প্রতিদিন ভোরে ভটভটি ও ভ্যানযোগে প্রচুর গাছ বিক্রির জন্য আনা হয়। আমার ইউনিয়নে গাছ কাটার অভিযোগ খুবই কম।’ পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান চন্দ্র কর্মকার বলেন, ‘রাস্তা দেখভালের দায়িত্বে নিয়োজিত কর্তৃপক্ষ আমাদের কাছে কোনো লিখিত অভিযোগ করে না। তাই গাছ কাটার ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হয় না।’ ইউএনও মাহমুদুল আলম বলেন, মাসিক সমন্বয় সভায় এ বিষয়ে আলোচনা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট রাস্তা রক্ষণাবেক্ষণকারী কর্তৃপক্ষকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।