ছয় মাসে হুমায়ুন আজাদ হত্যাচেষ্টার মামলা নিষ্পত্তির নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুমাত্রিক লেখক ও শিক্ষাবিদ অধ্যাপক হুমায়ুন আজাদ হত্যাচেষ্টার মামলা ছয় মাসের মধ্যে নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রাষ্ট্রপক্ষের সাক্ষীদের যথাসময়ে আদালতে হাজির করতেও বলা হয়েছে। আজ বৃহস্পতিবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ উল্লাহ সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ওই মামলায় এক আসামির জামিন আবেদনের শুনানিকালে এ আদেশ দেন।

একই সঙ্গে আসামি মিজানুর রহমান মিনহাজের জামিন আবেদন নিষ্পত্তি করে দিয়েছেন আদালত। আদালত বলেছেন, ২০০৭ সালে অভিযোগ গঠন হলেও ওই মামলাটির নিষ্পত্তি হয়নি। এ কারণে ছয় মাসের মধ্যে মামলাটির নিষ্পত্তি করতে নির্দেশ দেওয়া হলো। এ সময়ের মধ্যে যদি নিষ্পত্তি না হয়, তবে যেসব সাক্ষী ও প্রমাণ রয়েছে তার ভিত্তিতে রায় দিতে বলা হলো। এ ছাড়া এই সময়ে সংশ্লিষ্ট পক্ষগুলোকে সচেষ্ট থেকে মামলা পরিচালনা করতে বলেছেন আদালত।

২০০৪ সালের ২৮ ফেব্রুয়ারি অধ্যাপক হুমায়ুন আজাদ হত্যাচেষ্টার অভিযোগে তাঁর ভাই মানজুর কবির রাজধানীর রমনা থানায় মামলা করেন। ২০০৭ সালের ১৪ জানুয়ারি পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তা। ওই বছরই অভিযোগ গঠন করা হয়।

আসামি মিনহাজ ২০১১ সালের জামিন চেয়ে আবেদন করেন। এই আবেদনের ওপর আজ শুনানি হয়। আবেদনকারীর পক্ষে ছিলেন আইনজীবী এম এ মোনতাকিন। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল গাজী মো. মামুনুর রশীদ।

পরে গাজী মো. মামুনুর রশীদ বলেন, আদালত ছয় মাসের মধ্যে মামলাটির নিষ্পত্তি করতে বিচারিক আদালতের প্রতি আদেশ দিয়েছেন। মামলার সর্বশেষ অবস্থা সম্পর্কে তিনি বলেন, মামলাটি ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে বিচারাধীন রয়েছে। রাষ্ট্রপক্ষের ৪৯ জন সাক্ষীর মধ্যে চারজন সাক্ষ্য দিয়েছেন।