ছয় মাসে ১৬ দিন অফিস!
মেহেরপুর জেলা যুব উন্নয়ন কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল মজিদ গত ছয় মাসে মাত্র ১৬ দিন অফিস করেছেন। ওই কার্যালয়ের ছয় মাসের হাজিরা খাতা খতিয়ে দেখে এই তথ্য পাওয়া গেছে।এ ব্যাপারে জেলা যুব উন্নয়ন কার্যালয়ের উপপরিচালক মাসুদুল হাসান বলেন, ‘অফিসের হাজিরা খাতায় আবদুল মজিদের দীর্ঘ অনুপস্থিতি আছে। তিনি কেন অফিস করেন না, তা বলতে পারব না। বেশি কিছু বলা আমার পক্ষে সম্ভব নয়।’হাজিরা খাতা পর্যালোচনা করে দেখা গেছে, চলতি বছরের জুনের শুরুর দিকে আবদুল মজিদ মাত্র আট দিন অফিস করেছেন। বাকি দিনগুলোতে কোনো ছুটি ছাড়াই তিনি অনুপস্থিত ছিলেন। একইভাবে জুলাই মাসে কোনো ছুটি ছাড়াই তিনি পুরো মাস অফিস করেননি। এ ছাড়া আগস্টের প্রথম চার দিন ছাড়া আর অফিস করেননি তিনি। সেপ্টেম্বরের পুরো মাস হাজিরা খাতায় অনুপস্থিত। একইভাবে অক্টোবরেও অনুপস্থিত ছিলেন। সর্বশেষ নভেম্বরের ২৫ থেকে ২৮ তারিখ ছাড়া আর হাজিরা খাতায় তাঁর উপস্থিতি পাওয়া যায়নি।ওই কার্যালয়ের একটি সূত্র জানায়, আবদুল মজিদ তিন বছর আগে ওই কার্যালয়ে যোগ দেন। তাঁর পরিবার ঢাকায় থাকে। যুব উন্নয়ন কার্যালয়ের ঋণ কর্মসূচি তদারক, ঋণের কিস্তি উত্তোলনসহ সংশ্লিষ্ট কাজগুলো সমন্বয়ের দায়িত্ব তাঁরই। কিন্তু তাঁর দীর্ঘ অনুপস্থিতির কারণে ওই কার্যালয়ে কাজেকর্মে স্থবিরতা চলে এসেছে। সেবাবঞ্চিত হচ্ছেন নাগরিকেরা।সূত্রটি আরও জানায়, ওই কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। তার পরও অফিসপ্রধান হাজিরা খাতায় অনুপস্থিতি দেখানো ছাড়া তাঁর বিরুদ্ধে আর কোনো ব্যবস্থা নিতে পারেননি।এ ব্যাপারে ওই কর্মকর্তা আবদুল মজিদ বলেন, অফিসের কাজে ও নিজের বদলির জন্য বেশির ভাগ সময় তাঁকে ঢাকায় যেতে হয়। তা ছাড়া মেহেরপুর যুব উন্নয়ন অফিস দুর্নীতিগ্রস্ত, তাই অফিস করতে তাঁর ভালো লাগে না। পরিবার ঢাকায় থাকে। তা ছাড়া অনেক ছুটি পাওনা আছে তাঁর।দুর্নীতির অভিযোগ অস্বীকার করে তিনি দাবি করেন, ‘প্রথম শ্রেণীর একজন কর্মকর্তার হাজিরা খাতায় উপস্থিতির স্বাক্ষর দেওয়ার প্রয়োজন নেই।’