পার্বত্য এলাকায় নারী ও শিশু নির্যাতনের ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে নারী অধিকার ও আইনি সহায়তাকারী সংগঠনগুলো। গতকাল সোমবার সাতটি সংগঠনের কর্মকর্তারা সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। অনুষ্ঠানে জানানো হয়, ২০১৪ সালের ডিসেম্বর থেকে ২০১৫ সালের ১৪ জুন পর্যন্ত ২১ জন আদিবাসী ও তিনজন বাঙালি নারী নির্যাতনের শিকার হয়েছেন।
রাঙামাটি শহরের কালিন্দীপুর এলাকার আশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র মিলনায়তনে বিকেল চারটায় এ মতবিনিময় করা হয়। এতে আয়োজক সংগঠনগুলোর পক্ষে যৌথ বিবৃতি পড়ে শোনান পূগবেল সংগঠনের সাধারণ সম্পাদক ডায়না চাকমা।
সাত সংগঠনের পক্ষ থেকে নির্যাতন বন্ধে বেশ কিছু সুপারিশ তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে সহিংসতার মামলার বিচারপ্রক্রিয়া দ্রুত নিষ্পত্তি করা, অভিযোগকারী ও সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করা, অভিযুক্ত ব্যক্তিদের আইনের আওতায় এনে নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লিঙ্গ ও জাতিবৈষম্য বিষয়ে ধারণা দেওয়া, নির্যাতিত নারীর শারীরিক ও আলামত পরীক্ষা দ্রুত করার জন্য তিন পার্বত্য জেলায় ফরেনসিক বিভাগ স্থাপন, রাঙামাটির মতো খাগড়াছড়ি ও বান্দরবান জেলায় ভিকটিম সাপোর্ট সেন্টার প্রতিষ্ঠাসহ বিভিন্ন সুপারিশ করা হয়।
পরে প্যানেল আলোচনায় বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) সমন্বয়কারী জুয়োল দেওয়ান বলেন, পার্বত্য জেলাগুলোতে যোগাযোগ দুর্গমতাসহ নানা সীমাবদ্ধতার কারণে ধর্ষণের শিকার নারী ও শিশুদের শারীরিক পরীক্ষা করতে দেরি হয়।
এ ছাড়া ধর্ষণের আলামত পরীক্ষার জন্য ঢাকায় পাঠাতে হয়। আলামত পরীক্ষা করতে দেরি হওয়ায় অনেক সময় সঠিক ফল পাওয়া যায় না। ফলে রায় চলে যায় অপরাধীদের পক্ষে।
পার্বত্য চট্টগ্রাম উইমেন্স রিসোর্স নেটওয়ার্কের রাঙামাটি জেলা সমন্বয়কারী সুস্মিতা চাকমা বলেন, চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার একজন আদিবাসী নারী ধর্ষণের ঘটনা ছাড়া আর কোনো আদিবাসী নারী ধর্ষণের ঘটনার মামলার রায় হয়নি। তিনি বলেন, বিচারহীনতা ও দোষারোপের সংস্কৃতি, বিচারের দীর্ঘ প্রক্রিয়া এবং প্রভাবশালী রাজনৈতিক ও সামাজিক নেতাদের অপরাধীদের পক্ষ নেওয়ার কারণে পার্বত্য এলাকায় নারী নির্যাতন রোধ করা যাচ্ছে না।
অনুষ্ঠানে বক্তব্য দেন টুকু তালুকদার ও মিনারা আরশাদ। পরে প্যানেল আলোচকেরা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।