ছয় মাসে ২৫ মোটর সাইকেল চারটি ইজিবাইক ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার বাইপাস সড়কে (খুলনার জিরো পয়েন্ট থেকে ফুলবাড়িগেট) প্রায়ই ছিনতাইয়ের ঘটনা ঘটছে। ছিনতাই হচ্ছে মোটরসাইকেল, ইজিবাইক ও টাকা-পয়সা। রাতে লোকজন আতঙ্কের মধ্যে এই সড়কে চলাচল করে। ১৬ কিলোমিটার দীর্ঘ সড়কটি বটিয়াঘাটা, ডুমুরিয়া, দৌলতপুর ও খানজাহান আলী থানা এলাকায় পড়েছে।স্থানীয় বিভিন্ন সূত্রে জানা গেছে, দীর্ঘ দিন ধরে এই সড়কে ছিনতাইয়ের ঘটনা ঘটছে। গত ছয় মাসে এই সড়কে প্রায় ২৫টি মোটরসাইকেল ও চারটি ইজিবাইক ছিনতাই হয়েছে। এর মধ্যে ১৫টি মোটরসাইকেল ছিনতাই হয়েছে গত দুই মাসে। ঝামেলা এড়াতে অধিকাংশ ছিনতাইয়ের ঘটনায় ভুক্তভোগীরা মামলা করেন না। আর সংশ্লিষ্ট থানা পুলিশ বলছে ছিনতাই বা এ-সংক্রান্ত মামলার সুনির্দিষ্ট কোনো তথ্য তাদের কাছে নেই। ইজিবাইকচালক মেহেদী হাসান বলেন, ‘সন্ধ্যার পর এই রাস্তা দিয়ে চলাচল অত্যন্ত কঠিন হয়ে পড়ছে। সপ্তাহ খানেক আগে এক ইজিবাইক চালককে হাত-পা বাইনদে (বেঁধে) তার গাড়ি নিয়ে গেইছে। এর কয় দিন আগে এক উপজেলা চেয়ারম্যানের ছেলের পায়ে গুলি করে ও কুপায়ে তাঁর মোটরসাইকেল নিয়ে গেইছে।’নছিমন চালক করিম হোসেন বলেন, ‘এহেনে সন্ধি হলি ছিনতাই আলাগে আড্ডা বসে। পুলিশরা তাগে ধরতি পারে না।’ স্থানীয় রায়েরমহলের নাম প্রকাশে অনিচ্ছুক একজন ব্যবসায়ী বলেন, রূপসা থেকে জিরো পয়েন্ট হয়ে ফুলবাড়ি গেট পর্যন্ত সড়কটি ছিনতাইকারীরা তাদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে। একটি শক্তিশালী চক্র দীর্ঘদিন ধরে এ সড়কে ছিনতাই চালিয়ে যাচ্ছে। পুলিশ এ ব্যাপারে সম্পূর্ণ উদাসীন।ডুমুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী আবদুল হাদী বলেন, ‘গত ৬ জুলাই এই সড়ক থেকে আমার ছেলেকে গুলি করে তাঁর মোটরসাইকেলটি নিয়ে যায়। মামলা করার প্রায় এক মাসেও পুলিশ কাউকে গ্রেপ্তার বা মোটরসাইকেলটি উদ্ধার করতে পারেনি।’ তিনি বলেন, ‘গত ছয় মাসে ওই সড়কে ২৫টি মোটরসাইকেল ও তিনটি ইজিবাইক ছিনতাইয়ের খবর পেয়েছি।’ ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফ হোসেন বলেন, ‘এই সড়কে এখন আর কোনো সমস্যা নেই। আর এটা সম্পূর্ণ তো আমার দায়িত্বে না। এখানে ডুমুরিয়া, দৌলতপুর, বটিয়াঘাটা থানার পুলিশও টহল দেয়।’ ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফ হোসেন গত মঙ্গলবার বলেন, ‘আাামি এখানে নতুন এসেছি। গত ছয় মাসে ছিনতাইয়ের ঘটনায় কতগুলো মামলা হয়েছে তা জানা নেই।’ খানজাহান আলী থানার দায়িত্বরত কর্মকর্তা দেবাশীষ দাস বলেন, ‘আমি এখানে নতুন এসেছি। ওই সড়কে ছিনতাইয়ের ঘটনায় কতগুলো মামলা হয়েছে জানা নেই।’ দৌলতপুর থানার দায়িত্বরত কর্মকর্তা প্রদীপ দাস বলেন, গত চার মাসে ওই সড়কে ছিনতাইয়ের ঘটনায় একটি মামলা হয়েছে।বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের বেগ বলেন, গত ছয় মাসে ওই সড়কে ছিনতাইয়ের ঘটনায় তাঁর থানায় একটি মামলা হয়েছে। খুলনার পুলিশ সুপার তানভীর হায়দার চৌধুরী ছিনতাই রোধে পুলিশের উদাসীনতার কথা অস্বীকার করে বলেন, পুলিশ যথাযথভাবে দায়িত্ব পালন করছে। বাইপাস সড়কে সার্বক্ষণিক নিরাপত্তার জন্য সব থানায় বলে দেওয়া হয়েছে।