ছয় মাসে ৩২১ জনের আত্মহত্যার চেষ্টা, ১৫ জনের মৃত্যু
প্রেমে ব্যর্থতা, পারিবারিক ঝগড়া-বিবাদ ও সামাজিক অস্থিরতার কারণে জয়পুরহাটে গত ছয় মাসে ১৫ জন আত্মহত্যা করেছেন। একই সময় আত্মহত্যার চেষ্টা করার পর হাসপাতালে চিকিৎসা দেওয়ায় ৩২১ জন বেঁচে গেছেন।জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতাল সূত্রে জানা গেছে, ২ জুলাই ক্ষেতলাল উপজেলার মুন্দাইল গ্রামের রাজিয়া বেগম বাবা-মায়ের সঙ্গে ঝগড়া করে বিষ পান করে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। একই দিন ধর্ষণের শিকার হয়ে কীটনাশক পানে আত্মহত্যা করে সদর উপজেলার হরিপুর গ্রামের মাদ্রাসাছাত্রী খাদিজা বেগম (১২)। পাঁচবিবি উপজেলার দমদমা গ্রামের নিপা রানীর (২০) আগের প্রেমিক তাঁকে ও তাঁর স্বামীকে হুমকি দিলে ১৯ জুন নিপা রানী বিষ পান করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ছাড়া ১৯ জানুয়ারি আক্কেলপুর উপজেলার ভানুকান্দা গ্রামের ছানোয়ার হোসেন (২৬), ৩ মার্চ কালাই উপজেলার চাককোনা গ্রামের শাহিনুর (২৫), ২ এপ্রিল সদর উপজেলার পালি গ্রামের মোজাহার আলী (৬০), ১৩ এপ্রিল সদর উপজেলার নাকুরিয়া গ্রামের মেহেরুন নেছা (৪৫), ২ মে ধামইরহাটের শলপি গ্রামের আশরাফ আলী (৪৮), ৯ মে আক্কেলপুর উপজেলার রুকিন্দিপুর গ্রামের রেহেনা বেগম (৩০), ১১ মে সদর উপজেলার চকগোপাল গ্রামের বিমল চন্দ্র (৪৫), ১৭ মে সদর উপজেলার ঈশ্বরপুর গ্রামের আবদুল মান্নান (৪৮), ২২ মে সদর উপজেলার মাঝিপাড়া গ্রামের শামিঞ্চ আক্তার (২৬), ২৫ মে পাঁচবিবি উপজেলার নওদা গ্রামের মামুনুর রশিদ (৩০) এবং ২৬ মে কালাই উপজেলার সড়াইল গ্রামের জাহানারা বেগম (১৭) কীটনাশক পান করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।গত বুধবার জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে গিয়ে দেখা গেছে, হাসপাতালের ১ নম্বর ওয়ার্ডে কীটনাশক পান করে অসুস্থ হয়ে চিকিৎসা নিচ্ছেন শান্তিনগরের সাইফুল ইসলাম (৩২)। পাশে বসে থাকা তাঁর স্ত্রী জানান, হতাশার কারণে তাঁর স্বামী বিষ খেয়েছেন। ২ নম্বর মহিলা ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন কীটনাশক পান করা রোগী বেলী বেগম (২৫)। তাঁর মা জরিনা বেগম জানান, প্রতিবেশীর গাছের ডাল ভাঙাকে কেন্দ্র করে গোলমাল হলে তাঁর মেয়ে অভিমান করে গত মঙ্গলবার বিষ খেয়েছেন। একাধিক সেবিকা জানান, গত জুন মাসেই ১৮ জন নারী বিষপানে আত্মহত্যার চেষ্টা করায় ২ নম্বর ওয়ার্ড থেকে চিকিৎসা নিয়ে ফিরে গেছেন। এ ছাড়া একই সময়ে ১ নম্বর ওয়ার্ডে ১০-১২ জন পুরুষ চিকিৎসা নিয়েছেন। হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক আবদুর রকিব জানান, বেশ কিছুদিন ধরে এই হাসপাতালে কীটনাশক পান বা ঘুমের বড়ি খেয়ে আত্মহত্যার চেষ্টা করা রোগীর সংখ্যা বাড়ছে। তিনি ধারণা করছেন, সামাজিক অস্থিরতা, প্রেমঘটিত ব্যাপার, অভাব-অনটনের কারণে স্বামী-স্ত্রীর বিবাদ আত্মহত্যার দিকে মোড় নিচ্ছে।