গত ছয় মাসে দেশে ৬১ জন বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এঁদের মধ্যে ৫২ জন কথিত ‘ক্রসফায়ার’, ‘এনকাউন্টার’ বা ‘বন্দুকযুদ্ধে’ মারা গেছেন বলে অভিযোগ রয়েছে। মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক) এবং অধিকার-এর ষাণ্মাসিক মানবাধিকার প্রতিবেদনে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের এ চিত্র তুলে ধরা হয়। প্রতিবেদনে বর্তমান সরকারের ঘোষণা অনুযায়ী বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ ও জড়িতদের বিচারের সম্মুখীন করার দাবি জানানো হয়। ‘ক্রসফায়ার’, ‘এনকাউন্টার’ বা ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৫২ জনের মধ্যে র্যাবের হাতে ২৭ জন, পুলিশের হাতে ১৮ জন, র্যাব-পুলিশের যৌথ অভিযানে চারজন ও র্যাব-কোস্টগার্ডের যৌথ অভিযানে তিনজন নিহত হন।অধিকারের প্রতিবেদন অনুযায়ী, বিচারবহির্ভূত হত্যার শিকার মোট ৬১ জনের মধ্যে ১৫ জন কথিত চরমপন্থী সংগঠনের সদস্য, একজন জাসাস নেতা, দুজন ইসলামী ছাত্রশিবিরের সদস্য, একজন হাসপাতাল কর্মচারী, দুজন যুবক, একজন ব্যবসায়ী, একজন নৈশপ্রহরী, দুজন গাড়িচালক, একজন কথিত সন্ত্রাসী, একজন গাড়ি ছিনতাইকারী, ২৬ জন কথিত অপরাধী, পাঁচজন কথিত ডাকাত ও তিনজন জলদস্যু।প্রতিবেদনে বলা হয়, সম্প্র্রতি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দিয়ে আটকের পর অনেক লোকের খোঁজ পাওয়া যাচ্ছে না। পরে কারও কারও লাশ উদ্ধার হয়। অধিকার এ ধরনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে দ্রুত নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার ও ‘গুপ্তহত্যার’ অভিযোগের বিষয়ে সরকারের কাছে প্রকাশ্য ব্যাখ্যা দাবি করেছে।এ ছাড়া চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত ২৬ ব্যক্তি আইনশৃঙ্খলা বাহিনীর হাতে নির্যাতিত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এঁদের মধ্যে দুজন র্যাব ও ২৪ জন পুলিশের হাতে নির্যাতনের শিকার হয়েছেন। এতে বলা হয়, এই ছয় মাসে ৩৮ জন জেলহাজতে মারা গেছেন। ৩৭ জন অসুস্থতার কারণে মারা গেছেন। আর একজন আত্মহত্যা করেছেন।এ ছাড়া গত ছয় মাসে বিভিন্ন ঘটনায় দেশে দুজন সাংবাদিক নিহত, ৫২ জন আহত, ৩৫ জন হুমকির শিকার ও ২৯ জন লাঞ্ছিত হয়েছেন। প্রতিবেদনে বেসরকারি টেলিভিশন ‘চ্যানেল ওয়ান’-এর সম্প্রচার বন্ধ ও দৈনিক আমার দেশ পত্রিকার প্রকাশনা বাতিল এবং এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করার কথা উল্লেখ করা হয়। প্রতিবেদনে বলা হয়, ‘অধিকার মনে করে যে, এ ধরনের অভিযোগে মাহমুদুর রহমানের গ্রেপ্তার রাষ্ট্র কর্তৃক গণমাধ্যমকে দলনের পথকেই প্রশস্ত করবে।’