ছয় মাসে 'ক্রসফায়ারে' নিহত ৬২ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি বছরের ছয় মাসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কথিত বন্দুকযুদ্ধ বা ক্রসফায়ারে ৬২ জন নিহত হয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে ধরে নেওয়ার পরে খোঁজ মিলছে না আরও ৩৮ জনের। এ সময়ের মধ্যে ছয় ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সংঘাতে প্রাণ গেছে ১৪২ জনের। এ ছাড়া শিশুহত্যার ঘটনা ঘটেছে ২৩৫টি।
গতকাল বৃহস্পতিবার বেসরকারি সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের (আসক) চলতি বছরের ছয় মাসের ‘মানবাধিকার লঙ্ঘনের সংখ্যাগত প্রতিবেদনে’ এসব তথ্য দেওয়া হয়েছে।
আসকের প্রতিবেদন অনুযায়ী, ‘ক্রসফায়ারে’ নিহত ব্যক্তিদের মধ্যে ৩০ জন পুলিশের সঙ্গে, ২৪ জন র্যা বের, ৭ জন ডিবি ও একজন বিজিবির সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। এ ছাড়া গ্রেপ্তারের আগে ও পরে পুলিশের শারীরিক নির্যাতনে পাঁচজন এবং গুলিতে পাঁচজন নিহত হয়েছেন। পুলিশের হেফাজতে থেকে ‘অসুস্থ’ হয়ে মারা গেছেন চারজন ও একজনের রহস্যজনক মৃত্যু হয়েছে। গ্রেপ্তারের পর ডিবির নির্যাতনে একজন ও বিজিবির গুলিতে আরও একজনের মৃত্যু হয়েছে।
সাদাপোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে ৫০ জনকে তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। পরে এই ৫০ জনের মধ্যে ছয়জনের লাশ পাওয়া গেছে, দুজন ফেরত এসেছেন ও চারজনকে পরবর্তী সময়ে গ্রেপ্তার দেখানো হয়েছে। বাকি ৩৮ জনের খোঁজ নেই।
১ জানুয়ারি থেকে গতকাল ৩০ জুন পর্যন্ত দেশের আটটি জাতীয় দৈনিকের তথ্য ও আসকের সংগ্রহ করা তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। এতে বলা হয়, গত ছয় মাসে দেশে ৮১১টি রাজনৈতিক সহিংসতায় মারা গেছেন ১৫৪ জন, আহত হয়েছেন ১০ হাজার ২৯০ জন। এর মধ্যে ছয় ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রাণ হারিয়েছেন আরও ১৪২ জন ও আহত হয়েছেন ৯ হাজার ৮৫ জন। ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনা ঘটেছে ৬৯৩টি।
এই সময়ের মধ্যে পঞ্চগড়, গোপালগঞ্জ, টাঙ্গাইল, ঝিনাইদহ ও পাবনায় পুরোহিত, সাধু, দরজি, সেবায়েতসহ পাঁচজনকে হত্যা করা হয়েছে। হিন্দু সম্প্রদায়ের ৬৬টি বাসস্থান, ৪৯টি প্রতিমা, পূজামণ্ডপ ও মন্দিরে ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয়েছে।