ছয় মাসেও অগ্রগতি নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আলোচিত সরকারি শাহ সুলতান কলেজের ছাত্র নিরঞ্জন চক্রবর্তী ওরফে দীপু হত্যা মামলার তদন্ত ছয় মাসেও শেষ করতে পারেনি পুলিশ। হত্যাকাণ্ডের পর শহরের শীর্ষ সন্ত্রাসী রাফিদ আনান ওরফে স্বর্গ ও তার আরেক সহযোগী রানার বিরুদ্ধে হত্যা মামলা করা হলেও পুলিশ আসামিদের গ্রেপ্তার করতে পারেনি।বগুড়ার পুলিশ সুপার (এসপি) মোজাম্মেল হক বলেন, ‘স্বর্গ পেশাদার সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে একাধিক হত্যা মামলাসহ ডজন খানেক মামলা রয়েছে। তাঁর বাবা লিয়াকতও পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ছিলেন। সম্প্রতি একটি হত্যা মামলায় জামিনে ছাড়া পেয়ে কয়েক দিনের মাথায় স্বর্গ কলেজছাত্র দীপুকে খুন করেন। স্বর্গকে গ্রেপ্তার না করা পর্যন্ত দীপু হত্যা মামলার অভিযোগপত্র দাখিল করা হবে না।’ দীপুর বাবা খোকন চক্রবর্তী জানান, দীপু এসএসসি পরীক্ষার আগে কোচিং করতে শহরের জলেশ্বরীতলা এলাকার প্রগ্রেস কোচিং সেন্টারে ভর্তি হয়। সেখানে পড়তে গিয়েই দীপুর এক বন্ধুর সঙ্গে বিরোধ বাধে সন্ত্রাসী স্বর্গের সহযোগী রানার। রানার বিরুদ্ধে অবস্থান নেওয়ায় দীপুর সঙ্গে কথা-কাটাকাটি হয়। এরই মধ্যে দীপু সরকারি শাহ সুলতান কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষা দেয়। ফল প্রকাশের জন্য অপেক্ষা করছিল সে। এরই মধ্যে প্রগ্রেস কোচিং সেন্টারে ঘটে যাওয়া একটি হত্যা মামলায় কারাগার থেকে জামিনে বেরিয়ে আসে স্বর্গ। জামিনে আসার ১৫ দিনের মাথায় গত ১২ জুন রাত সোয়া ১০টার দিকে তিনি দীপুকে বাড়ির কাছ থেকে তুলে নিয়ে গিয়ে ঠনঠনিয়া শহীদ নগর এলাকায় ছুরিকাঘাতে খুন করেন। পরদিন স্বর্গ ও তাঁর সহযোগী রানার বিরুদ্ধে সদর থানায় হত্যা মামলা করা হয়।