ছয় মাসেও অভিযোগপত্র দেয়নি পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী হত্যার ছয় মাস পেরিয়ে গেলেও পুলিশ অভিযোগপত্র দিতে পারেনি। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।

আজ রোববার হত্যাকাণ্ডের ছয় মাস পূর্তিতে শিক্ষক ও শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল-সমাবেশ করে দ্রুত অভিযোগপত্র দিয়ে বিচার শুরুর দাবি জানিয়েছেন। বেলা সাড়ে ১১টার দিকে শহীদুল্লাহ কলাভবনের সামনে থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অধ্যাপক রেজাউলের স্মরণে স্থাপিত ‘মুকুল প্রতিবাদ ও সংহতি মঞ্চে’ এসে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে দ্রুত বিচারপ্রক্রিয়া শুরুর দাবি জানিয়ে শিক্ষক সমিতির সভাপতি ও ইংরেজি বিভাগের অধ্যাপক মো. শহীদুল্লাহ্ বলেন, ‘হত্যাকাণ্ডের ছয় মাস অতিবাহিত হলেও তদন্তে তেমন কোনো অগ্রগতি দেখতে পাচ্ছি না। প্রশাসনের কাছে আমাদের দাবি, দ্রুত অভিযোগপত্র জমা দিয়ে বিচারপ্রক্রিয়া শুরু করা হোক। আমরা আর কোনো শিক্ষককে হারাতে চাই না।’

ইংরেজি বিভাগের সভাপতি মাসউদ আখতার বলেন, ‘রেজাউল স্যারের হত্যাকাণ্ডের ছয় মাস পেরিয়ে যাচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে তদন্তে অগ্রগতি হয়েছে জানানো হলেও এখনো অভিযোগপত্র জমা দেওয়া হয়নি।’ এ সময় দ্রুত অভিযোগপত্র জমা দিয়ে বিচারকাজ শুরুর দাবি জানান তিনি। অন্যথায় কঠোর আন্দোলনে যাওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

অধ্যাপক রেজাউল করিমের মেয়ে রেজওয়ানা হাসিন বলেন, ‘শুনেছি মূল আসামি নাকি দেশে নেই, ভারতে পালিয়েছে। তাকে ধরার জন্য আমাদের এখানে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে কি না? ছয় মাসেও অভিযোগপত্র জমা না দেওয়ায় আমি ও আমার পরিবার হতাশ।’

এ বিষয়ে মহানগর পুলিশের মুখপাত্র ও সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (সদর) ইফতে খায়ের আলম বলেন, ‘তদন্তে ভালো উন্নতি হয়েছে। ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে চারজন অভিযোগ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। এ ছাড়া চারজন আসামি বিভিন্ন সময় বন্দুকযুদ্ধে মারা গেছে। তবে মূল পরিকল্পনাকারী ইংরেজি বিভাগের শিক্ষার্থী শরিফুল ইসলাম পলাতক রয়েছে। আমরা তাকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছি। আশা করছি, দ্রুতই অভিযোগপত্র দিতে পারব।’

উল্লেখ্য, গত ২৩ এপ্রিল অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকীকে নগরের শালবাগান এলাকায় নিজ বাসার পাশেই গলা কেটে হত্যা করা হয়। ওই দিন বিকেলে তাঁর ছেলে রিয়াসাত ইমতিয়াজ বাদী হয়ে বোয়ালিয়া থানায় মামলা করেন।