সম্মেলনের দীর্ঘ ছয় মাসেও খুলনা মহানগর ও জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়নি। ভারপ্রাপ্ত ব্যক্তিদের দিয়ে চলছে ছাত্রদল ও যুবদলের কমিটি। অন্য অঙ্গসংগঠনগুলোও চলছে জোড়াতালি দিয়ে। এ অবস্থায় মাঠপর্যায়ে দলের নেতা-কর্মীদের মধ্যেও বাড়ছে হতাশা।দলীয় সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ২৪ নভেম্বর মহানগর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে খুলনা-২ আসনের সাংসদ নজরুল ইসলামকে সভাপতি ও মনিরুজ্জামানকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠিত হয়। এ সময় কেন্দ্রীয় নেতারা পরবর্তী এক মাসের মধ্যে ১৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেন। ২৫ নভেম্বর তড়িঘড়ি করে মাজিদুল ইসলামকে সভাপতি ও শফিকুল আলমকে সাধারণ সম্পাদক করে জেলা বিএনপির কমিটি গঠন করা হয়। কিন্তু সম্মেলনের ছয় মাস পরও পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়নি।সূত্র জানায়, ২০০২ সালের ৩ নভেম্বর মাসুদ পারভেজকে সভাপতি ও সিরাজুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৮১ সদস্যের মহানগর ছাত্রদলের কমিটি গঠিত হয়। কিন্তু অভ্যন্তরীণ কোন্দল ও নানা কারণে এই কমিটি নিষ্ক্রিয় হলে শেখ সাদীকে ভারপ্রাপ্ত সভাপতি ও সরফরাজ হিরোকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়। একই বছরের ২ নভেম্বর আবু হোসেনকে সভাপতি ও রাশেদুজ্জামানকে সাধারণ সম্পাদক করে জেলা ছাত্রদলের কমিটি গঠিত হয়। কিন্তু আবু হোসেন ব্যবসায়ে ব্যস্ত ও রাশেদুজ্জামান দুর্ঘটনায় নিহত হলে শামীম কবিরকে ভারপ্রাপ্ত সভাপতি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে হাদীউজ্জামানকে দায়িত্ব দেওয়া হয়। শাহিনুল ইসলামকে আহ্বায়ক করে মহানগর যুবদলের আহ্বায়ক কমিটি গঠিত হয় ২০০৫ সালের ২৪ সেপ্টেম্বর। তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের কথা থাকলেও গত পাঁচ বছরে তা হয়নি। জেলা যুবদলের সম্মেলন হয় না প্রায় ১০ বছর। এ ব্যাপারে মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম বলেন, আগের কমিটি ১৫১ সদস্যের ছিল। পরে সংশোধন করে ১৭১ সদস্য করা হয়েছে। এ জন্য পূর্ণাঙ্গ কমিটি করতে দেরি হচ্ছে। ১৫ মে নগর কমিটির সভা করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। তিনি আরও বলেন, বিভাগীয় পর্যায়ের মহাসমাবেশ শেষে ঢাকার সমাবেশের পর সারা দেশে দলের অঙ্গসংগঠনগুলোর কাউন্সিলের মাধ্যমে কমিটি গঠন শুরু হবে।জেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম জানান, দলের নতুন গঠনতন্ত্র তাঁরা এখনো হাতে পাননি। হাতে পেলে জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠনের ব্যাপারে দলের মধ্যে কোনো কোন্দল নেই।