ছয় মাসেও চালু হয়নি পঞ্চগড় দুগ্ধ শীতলকরণকেন্দ্র
বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের পঞ্চগড় দুগ্ধ শীতলকরণকেন্দ্রের নির্মাণকাজ শেষ হয়েছে ছয় মাস আগে। কিন্তু উদ্বোধন না হওয়ায় এই কেন্দ্রের কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি। এতে এ এলাকার খামারের মালিকেরা দুধের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুগ্ধখামার মালিকদের ন্যায্যমূল্যে দুধ বিক্রি নিশ্চিত করার লক্ষ্যে এই কেন্দ্রটি স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। পঞ্চগড় শহরের ধাক্কামারায় একটি ভাড়া বাড়িতে এই কেন্দ্র স্থাপনের কাজ ফেব্রুয়ারি মাসে শেষ হয়। এখানে দুধের গুণগতমানের ওপর নির্ভর করে প্রতি লিটার দুধ খামারিরা ২২ থেকে ৪৬ টাকা দরে বিক্রি করতে পারবেন। ইতিমধ্যে জেলায় ২৮টি সমিতি গড়ে উঠেছে। সমিতির সদস্যসংখ্যা প্রায় এক হাজার। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী এই কেন্দ্রটির উদ্বোধন করার কথা রয়েছে। তিনি সময় দিতে না পারায় এটি চালু করা যাচ্ছে না।কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম রাশেদ বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি পেলে কেন্দ্রটি এই মুহূর্তে চালু করা সম্ভব। সমিতি গঠনের কাজ চলছে। ইতিমধ্যে ২৮টি সমিতি গঠন করা হয়েছে।