লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার গাইয়ারচর গ্রামে দুটি মন্দিরে অগ্নিসংযোগের ঘটনায় প্রায় ছয় মাস পরও পুলিশ রহস্য উদ্ঘাটন করতে পারেনি। এ ঘটনায় গ্রেপ্তার হয়নি দুষ্কৃতকারীরা। মামলার তদন্ত কর্মকর্তা হায়দরগঞ্জ ফাঁড়ি পুলিশের ইনচার্জ উপপরিদর্শক মামলাটি গুরুত্বের সঙ্গে দেখছেন না বলে অভিযোগ উঠেছে। গত ২৮ ফেব্রুয়ারি দিবাগত রাতে দুটি মন্দিরে পেট্রল ঢেলে আগুন দিয়েছিল একদল দুর্বৃত্ত। এতে আগুনে পূর্ণবক্ষ হরিচাঁদ গুরু চাঁদ সেবা মন্দিরের বাঁশের বেড়া আংশিক পুড়ে যায়। আর রাধাগোবিন্দ মন্দিরের আগুন নিয়ন্ত্রণে আনায় ক্ষতিগ্রস্ত হয়নি। এ ঘটনায় ১ মার্চ পূর্ণবক্ষ হরিচাঁদ গুরু চাঁদ সেবা মন্দিরের সভাপতি শ্রীবতি রঞ্জন মহাজন বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে রায়পুর থানায় মামলা করেন। গতকাল বৃহস্পতিবার রাধাগোবিন্দ মন্দিরের সভাপতি ও সাবেক ইউপি সদস্য নিত্য গোপাল মজুমদার বলেন, দুষ্কৃতকারীরা ন্যক্কারজনকভাবে ধর্মীয় উপাসনালয়ে অগ্নিসংযোগ করে। কিন্তু পুলিশ ছয় মাসেও মামলার কোনো কূলকিনারা করতে পারেনি। হায়দরগঞ্জ ফাঁড়ি পুলিশের ইনচার্জ উপপরিদর্শক তাজুল ইসলাম বলেন, ‘ঘটনাটি নিয়ে অধিকতর তদন্ত চলছে। তবে কোনো কূলকিনারা পাচ্ছি না। কেউ সাক্ষ্যও দিচ্ছে না। ধারণা করা হচ্ছে, ঘটনাটি সাজানো।’