ছয় মাসেও তৈরি হয়নি প্রতিবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডেসটিনি গ্রুপের অনিয়ম-দুর্নীতি খতিয়ে দেখতে গঠিত বাণিজ্য মন্ত্রণালয়ের তদন্ত কমিটি ছয় মাসেও কোনো প্রতিবেদন তৈরি করতে পারেনি। বাণিজ্যসচিব মো. গোলাম হোসেনও বিষয়টি স্বীকার করেছেন।যৌথ মূলধনি কোম্পানি ও ফার্মসমূহের নিবন্ধকের পরিদপ্তরের (রেজসকো) নিবন্ধককে প্রধান করে গত ১৩ ফেব্রুয়ারি সাত সদস্যের এই কমিটি গঠিত হয়। এপ্রিল, মে এবং সর্বশেষ গত জুন মাসে তিনটি প্রতিবেদন বাণিজ্য মন্ত্রণালয়ে জমা দেয় রেজসকোর নিবন্ধক (বর্তমানে অন্যত্র বদলি) আহমেদুর রহিমের নেতৃত্বাধীন কমিটি।রেজসকোর বর্তমান নিবন্ধক বিজন কুমার বৈশ্য বাণিজ্য মন্ত্রণালয়ের চাওয়া অনুযায়ী পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করতে আরও তিন মাস সময় চেয়েছেন। সচিবালয়ে গত সোমবার সংবাদ সম্মেলনে বাণিজ্যসচিব জানান, কমিটিকে দুই মাস সময় দেওয়া হয়েছে।ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শফিকুর রহমান পাটোয়ারী রোববার প্রথম আলোকে বলেন, ‘বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত আমরা কিছু করতে পারছি না।’সোমবারের সংবাদ সম্মেলনে বাণিজ্যসচিব আরও বলেন, ‘তদন্ত কমিটি থেকে আমরা তিনটি অন্তর্বর্তীকালীন প্রতিবেদন পেয়েছি, যার একটিও পূর্ণাঙ্গ নয়। এর মধ্যে প্রথম যে প্রতিবেদনটি পেয়েছি, তা খুবই হাস্যকর।’ উদাহরণ দিয়ে তিনি বলেন, ‘দেখা গেল, আগের দিন কমিটির একটি সভা হয়েছে, ওই সভার মতামতগুলোই পরের দিন প্রতিবেদন আকারে মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে।’গোলাম হোসেন বলেন, ‘আমরা ডেসটিনি গ্রুপের অনিয়ম-দুর্নীতি বের করতে চাই। কী কী নিয়ম কোম্পানিগুলো পালন করেছে, তা নয়, কী কী পালন করেনি, তা খুঁজে বের করতে চাই।’ কার্যপরিধিতে যা বলা হয়েছিল, কমিটি তার কিছুই করেনি বলে তিনি জানান।দাঁতভাঙা জবাব দেওয়ার হুমকি: এদিকে, সোমবার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত ডেসটিনি গ্রুপের সংবাদ সম্মেলনে জানানো হয়, ডেসটিনির বিরুদ্ধে অদৃশ্য শক্তির ষড়যন্ত্র চলছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন ডেসটিনি গ্রুপের বিপণন বিভাগের মহাব্যবস্থাপক সাইফুর রহমান চৌধুরী। তিনি জানান, গ্রুপের তিন হাজার কর্মকর্তা-কর্মচারী তিন মাস ধরে বেতন-ভাতা পাচ্ছেন না। ঈদের বোনাস পাবেন কি না, তাও সন্দেহ রয়েছে। সরকারের উচিত জব্দ করা ব্যাংক হিসাবগুলো খুলে দেওয়া।কতটি ব্যাংক হিসাব বন্ধ রয়েছে এবং সেগুলোতে কত টাকা জমা আছে, জানতে চাইলে সাইফুর রহমান চৌধুরী জানান, হিসাবটি তাঁর জানা নেই, তবে পরে জানাতে পারবেন। ষড়যন্ত্রকারীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমরা ভেসে আসিনি। সময়মতো দাঁতভাঙা জবাব দেব।’