ছয় মাসেও ফলাফল হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রথম বর্ষের (সম্মান) পার্ট-১ (২০১০) পরীক্ষার ফলাফল গত ছয় মাসেও প্রকাশিত হয়নি। একইভাবে ওই বিভাগের পার্ট-২ (২০১০) পরীক্ষার ফলাফল পাঁচ মাসেও প্রকাশিত হয়নি। অথচ বিশ্ববিদ্যালয়ের বিধিমোতাবেক পরীক্ষা শেষ হওয়ার তিন মাসের মধ্যে ফলাফল প্রকাশ করার নিয়ম রয়েছে। ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা জানান, বিভাগের প্রথম বর্ষের (সম্মান) পার্ট-১ (২০১০) পরীক্ষা গত বছরের অক্টোবরে শেষ হয়। পার্ট-২ (২০১০) পরীক্ষা শেষ হয় গত বছরের নভেম্বরে। কিন্তু এখন পর্যন্ত ওই সব পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়নি। তাঁরা উদ্বেগ প্রকাশ করে বলেন, অতীতে সেশনজটমুক্ত বিভাগ হিসেবে ইতিহাস বিভাগের সুনাম ছিল। কিন্তু এখন সেই সুনাম ম্লান হতে চলেছে। এভাবে চলতে থাকলে তাঁদের সেশনজটের কবলে পড়তে হবে। পাশাপাশি বিভিন্ন চাকরির আবেদন করার বিষয়সহ নানা দিক থেকে তাঁরা পিছিয়ে পড়বেন। তাঁরা অবিলম্বে ফলাফল প্রকাশের দাবি জানান।ইতিহাস বিভাগের সভাপতি অধ্যাপক এম আবুল কাশেম বলেন, সংশ্লিষ্ট শিক্ষকদের দ্রুত ফলাফল জমা দেওয়ার জন্য একাধিকবার বলা হয়েছে। বিষয়টি তিনি আগামী দিনে অনুষ্ঠেয় বিভাগের আলোচনা সভায় উত্থাপন করবেন।